দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের প্রণয়ন করা তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে দিল্লি সীমান্তে বিক্ষোভে বসেছেন কৃষকরা। ইতিমধ্যেই বেশ কিছু বিরোধী দল তাদের সমর্থন করেছে। আগামী কাল কৃষকদের ডাকা ভারত বনধেও সমর্থন করেছে তারা। সেই দলে যোগ দিয়েছে আম আদমি পার্টিও। দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ দিল্লি-হরিয়ানা সীমান্তে যাচ্ছেন কৃষকদের সঙ্গে দেখা করতে। তাঁদের কোনও সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন তিনি।
সূত্রের খবর, আজ সকাল ১০টা নাগাদ নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সিঙ্ঘু সীমান্তে যাবেন কেজরিওয়াল। সেখানে গিয়েই কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি।
১০ দিনের বেশি সময় ধরে সিঙ্ঘু ও টিকরি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। মূলত পাঞ্জাব ও হরিয়ানা থেকে এসেছেন তাঁরা। অন্যদিকে গাজিপুর সীমান্তেও কৃষকদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। উত্তরপ্রদেশ থেকে আরও বেশি কৃষক যোগ দিচ্ছেন সেখানে।
ইতিমধ্যেই অবশ্য কৃষকদের ভারত বনধে সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি। কেজরিওয়াল টুইট করে বলেন, “৮ ডিসেম্বর কৃষকদের ভারত বনধের দাবিকে পূর্ণ সমর্থন করছে আম আদমি পার্টি। গোটা দেশে ছড়িয়ে থাকা আপ কর্মীরা শান্তিপূর্ণ ভাবে এই বনধকে সমর্থন জানাবে। দেশের সবাইকে অনুরোধ, সবাই এই বনধ সমর্থন করুন ও কৃষকদের সমর্থনে এই বনধে অংশ নিন।”
গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে কৃষক আন্দোলন। পাঞ্জাব ও হরিয়ানা থেকে দিল্লি আসার পথে বারবার বাধা পেতে হয়েছে কৃষকদের। অনেক জায়গায় ব্যারিকেড করে আটকানো হয়েছে তাঁদের। কোথাও লাঠিচার্জ, কোথাও জলকামানের সামনে পড়তে হয়েছে তাঁদের। কিন্তু তাতেও থামেনি মিছিল। ট্রাকে করে, পায়ে হেঁটে কয়েক লাখ কৃষক জড়ো হয়েছেন দিল্লি সীমান্তে। সেখানেই অবস্থান করছেন তাঁরা। এই আন্দোলনে তাঁরা অনেক সেলিব্রিটি থেকে শুরু করে একাধিক বিরোধী রাজনৈতিক দলকে সঙ্গে পেয়েছেন।
ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে তিনবার বৈঠকে বসেছে কৃষক সংগঠনগুলি। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি। আগামী বুধবার ফের বৈঠক রয়েছে। তার আগে কৃষকরা সমর্থন পাচ্ছেন একের পর এক বিরোধী দলের।