দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলির শারীরিক অবস্থা কিছুটা হলেও উন্নতি হয়েছে। রবিবার এ কথা জানানো হয়েছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর পক্ষ থেকে। প্রাক্তন অর্থমন্ত্রীকে এখনও আইসিইউ-তেই রাখা হয়েছে। তবে ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে এইমস-এ ভর্তি হন জেটলি। রাতের বুলেটিনে জানানো হয়, জেটলির অবস্থা স্থিতিশীল। মন্ত্রিসভার প্রাক্তন সহকর্মীকে হাসপাতালে দেখতে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যান বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন জেটলি। এ বার মন্ত্রিসভা গঠনের আগে নিজেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান, “আমায় কোনওভাবেই মন্ত্রিসভায় রাখার সিদ্ধান্ত নেবেন না। শারীরিক অবস্থার কারণেই ওই দায়িত্ব আমি নিতে পারব না।” বিজেপি হেড কোয়ার্টারও জেটলিকে চাপ দেয়নি। তাঁর ছেড়ে আসা দফতর দেওয়া হয় নির্মলা সীতারমনকে।
জেটলির অসুস্থ হওয়ার খবর শুনেই দিল্লি ফিরে আসেন এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি ভিয়েতনামে ছুটি কাটাচ্ছিলেন। তাঁর তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে অরুণ জেটলির।