দ্য ওয়াল ব্যুরো : মানুষের মন অন্যদিকে ঘোরাতে লোকসভা নির্বাচনের আগেই আরও একটা পুলওয়ামার মতো হামলা ঘটবে, এমনটাই দাবি করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে।
শনিবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ১৩তম বার্ষিক সভায় দলের কর্মীদের উদ্দেশে নিজের বক্তব্য রাখেন রাজ ঠাকরে। সেখানে তিনি বলেন, "আমার কথা মিলিয়ে নেবেন, লোকসভা নির্বাচনের আগে আগামী দু'মাসের মধ্যে ফের পুলওয়ামার ধাঁচে একটি হামলা হবে। এই হামলা ঘটানো হবে দেশের সমস্যা থেকে জনসাধারণের মনকে অন্যদিকে ঘোরানোর জন্য।" রাজ ঠাকরে এও অভিযোগ করেন, বিজেপি সরকার তাদের সব পরিকল্পনা রূপায়ণে ব্যর্থ হয়েছে। রামমন্দির নিয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। সরকারের এই ব্যর্থতার প্রভাব নির্বাচনে পড়তে পারে। আর তাই দেশের মানুষের মন অন্যদিকে ঘোরাতে চাইবে বিজেপি, আর সে ক্ষেত্রে তাদের হাতিয়ার দেশপ্রেম, এমনটাই বক্তব্য এমএনএস প্রধানের।
এমনিতেই মহারাষ্ট্রের রাজনীতিতে রাজ ঠাকরের সঙ্গে যে বিজেপির সম্পর্ক ভালো নয়, তা দিনের আলোর মতো স্পষ্ট। বারবার বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকার ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে তোপ দেগেছেন রাজ। পুলওয়ামার হামলার পর হুঁশিয়ারি দিয়েছিলেন, পাক গায়কদের সঙ্গে যাতে কেউ কাজ না করেন। ২০১৬ সালে উরির হামলার পর তাঁর হুশিয়ারিতেই ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন বলিউডের এক ঝাঁক পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী।
দিনকয়েক আগে মহারাষ্ট্রের পুনেতে মূক-বধির প্রতিবাদীদের উপর লাঠি চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পদত্যাগের দাবিও করেছিলেন রাজ ঠাকরে। তিনি বারবার অভিযোগ করে এসেছেন, দেশের উন্নতির জন্য কোনও রকমের পরিকল্পনা করতে পারেনি মোদী সরকার। রামমন্দির ইস্যু নিয়েও বারবার কেন্দ্রর বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। এ বার ফের মদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ ঠাকরে।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-national-dates-for-loksabha-election-to-be-announced-today-at-5-pm/