দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের বিজেপি নেতাদের কি ব্যাট অস্ত্র হয়ে উঠল?
কৈলাস বিজয়বর্গীয়র ছেলে তথা ইনদওরের বিধায়ক আকাশ বিজয়বর্গীয় ব্যাট দিয়ে সরকারি আধিকারিককে পিটিয়ে আপাতত জেলে। এর মধ্যে ফের এক বিজেপি নেতা ব্যাট দিয়ে পেটালেন সরকারি আধিকারিককে। সেই মধ্যপ্রদেশেই।
সাতনা জেলার রামনগর পুরসভার চেয়ারম্যান রামসুশীল পটেল পুরসভার এক সরকারি আধিকারিককেই ব্যাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ। ওই সরকারি আধিকারিক দেবার্তন সিং স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর মাথায় সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার বিকেলে পুরভবনের বাইরেই এই ঘটনা ঘটে বলে খবর। তারপর চেয়ারম্যানের ঘরে বসে হাতে ব্যাট নিয়েই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রামসুশীল। তিনিও ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। ‘আক্রান্ত’ সরকারি কর্মীও চেয়ারম্যানের বিরুদ্ধে নালিশ ঠুকেছেন। জেলার পুলিশ সুপার রিয়াজ ইকবাল সংবাদমাধ্যমকে বলেছেন, “দু’পক্ষেরই অভিযোগ পেয়েছি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
রামসুশীলের দাবি, ওই পুর অফিসার ঘুষ নিচ্ছিলেন। নিষেধ করলে তাঁকে গালিগালাজ করেন। তাই তিনি মাথা ঠিক না রাখতে পেরে পিটিয়ে দিয়েছেন। আকাশের ঘটনার পর অমিত শাহ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ফের এই ঘটনায় অস্বস্তিতে মধ্যপ্রদেশের বিজেপি। যদিও সাতনা জেলার যুব মোর্চার এক নেতা সংবাদমাধ্যমকে বলেন, “হঠাৎ তো আর চেয়ারম্যান মারেননি। নিশ্চয়ই কোনও কারণ আছে!”