দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় কুমারের পর অমিতাভ বচ্চন। এ বার অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বিগ বি।অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি। টুইট করে এ কথা জানিয়েছেন, স্বয়ং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অমিতাভকে ধন্যবাদ জানিয়ে নিজের টুইটে সর্বানন্দ সোনোয়াল লিখেছেন, "অসমের বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ।" তবে কেবল নিজে অনুদান পাঠিয়েই সন্তুষ্ট নন বিগ বি। দেশবাসীর কাছে অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আবেদনও জানিয়েছেন তিনি।
এর আগে অসমের বন্যা দুর্গতদের অনুদান পাঠিয়েছিলেন অক্ষয় কুমারও। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছিলেন অভিনেতা। পাশাপাশি দেশবাসীর কাছেও অসমের এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানিয়েছিলেন অক্ষয়।
তবে কেবল বলিউড অভিনেতারাই নন, অসমের ভয়াবহ বন্যার পর দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন অ্যাথলিট হিমা দাস-ও। গত কয়েকদিন পরপর নানা ইভেন্টে সোনা জিতেছেন অসমের এক ছোট্ট গ্রামের এই 'চাষার বেটি'। গোটা দুনিয়া এখন তাঁকে চেনে 'সোনার মেয়ে' নামেই। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফ্যান-ফলোয়িংয়ের সংখ্যাও। তবে এত সাফল্য, আনন্দ, উন্মাদনার মাঝে নিজের মাতৃভূমিকে একটিবারের জন্যও ভুলে যাননি হিমা। বরং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কর্মী হিমা ইতিমধ্যেই তাঁর বেতনের অর্ধেক অংশ দান করেছেন অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। টুইট করে সকলকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আবেদনও জানান তিনি।
অসমের বন্যা পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিপদ এখনও কাটেনি। ইতিমধ্যেই বন্যায় অসমে মৃৃতের সংখ্যা প্রায় ২৫। ৭ লক্ষেরও বেশি মানুষ ভিটে ছাড়া। তলিয়ে গিয়েছে অন্তত ৩৩টি গ্রাম। কাজিরাঙা জাতীয় উদ্যানের ৯০ শতাংশ জমিই জলের তলায় চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ সম্পদ। মারা গিয়েছে অসংখ্য বন্যপ্রাণ। অসমের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে জানানো হয়েছে, চার হাজারেরও বেশি গ্রাম বন্যায় ভেসে গিয়েছে।