দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে বড় নাশকতার ছক বানচাল করল নিরাপত্তারক্ষীরা। পুলওয়ামায় সেতুর নীচ থেকে উদ্ধার করা হল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। নাশকতার উদ্দেশ্যেই সেতুর নীচে এই বিস্ফোরক রেখেছিল জঙ্গিরা, এমনটাই জানিয়েছে নিরাপত্তারক্ষীরা।
জানা গিয়েছে, রবিবার রাতে টহল দেওয়ার সময় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় টুজান গ্রামে একটি ব্রিজের তলা থেকে এই আইইডি উদ্ধার করেন নিরাপ্পত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে ওই বিস্ফোরক অকেজো করা হয়। এই রাস্তাটি পুলওয়ামার সঙ্গে বদগাম জেলাকে যুক্ত করেছে। তাই এই সেতু উড়িয়ে দিতে পারলে জঙ্গিদের খুব সুবিধা হত বলেই জানাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। সেই পরিকল্পনা বানচাল করা হয়েছে।
কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, “টুজান গ্রামে সেতুর নীচে আইইডি রেখেছিল জঙ্গিরা। সেটা উদ্ধার করা হয়েছে। এই রাস্তা টুজান ও দালওয়ানকে যুক্ত করে। গত মাসেও পুলওয়ামা জেলার গাঙ্গুতে নিরাপত্তারক্ষীরা আইইডি উদ্ধার করেছিলেন।”
এদিকে সোমবার সকালে জম্মু-কাশ্মীরের বারামুলায় সেনা-জঙ্গি লড়াই হয়। জানা গিয়েছে, সকালে টহল দিচ্ছিল পুলিশ ও সিআরপিএফের একটি যৌথ টিম। জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সিআরপিএফের দু’জন ও একজন পুলিশকর্মী ঘটনাস্থলে শহিদ হন। জঙ্গিদের ধরা যায়নি।
পুলিশ জানিয়েছে, যৌথ টিম ক্রিরি চেক পোস্টের কাছে ডিউটি করছিল। বিজয় কুমার জানিয়েছেন, আমরা জঙ্গি হানায় তিন জওয়ানকে হারিয়েছি। ঘটনাস্থলে বাড়তি ফোর্স পাঠানো হয়েছে। কাশ্মীর জোনের পুলিশ টুইট করে জানিয়েছে, “বারামুলার ক্রিরি অঞ্চলে পুলিশ ও সিআরপিএফের একটি যৌথ বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। দুই সিআরপিএফ জওয়ান ও এক পুলিশকর্মী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি চলছে।”
কাশ্মীরে গত এক সপ্তাহে এই নিয়ে তিনবার নিরাপত্তারক্ষীরা জঙ্গি হানার মুখে পড়লেন। গত ১৪ অগাস্ট শ্রীনগরের অদূরে নওগাম অঞ্চলে জঙ্গি হানায় দুই পুলিশকর্মী শহিদ হন। আহত হন আরও একজন। কাশ্মীর জোনের পুলিশ টুইট করে জানায়, “নওগাম বাইপাসে জঙ্গিরা পুলিশের টহলদার বাহিনীর ওপরে এলোপাথাড়ি গুলি চালায়। তিনজন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জন মারা যান।”
সিসিটিভিতে এই ঘটনা ধরা পড়ে। তাতে দেখা যায়, নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে জঙ্গিরা পালিয়েছে। ১২ অগাস্ট শ্রীনগর-বারামুলা হাইওয়ের ওপরে হায়গাম অঞ্চলে সেনাবাহিনীর এক কুইক রিঅ্যাকশান টিমকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছোড়ে। সেই হামলাতেও এক সেনা জওয়ান আহত হন।