দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের আগের রাতেই ছাঁটাই হলেন এয়ার ইন্ডিয়ার ৪৮ জন পাইলট। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক ভাবে ধুঁকছে বেই সরকারি প্রতিষ্ঠান। তার মধ্যে মহামারী করোনার প্রভাবে গত কয়েক মাসে সমস্যা আরও বেড়েছে। এইসব কারণেই পাইলটদের ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
জানা গিয়েছে, আচমকাই এই সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। যে পাইলটদের ছাঁটাই করা হয়েছে তাঁদের মধ্যে অনেকেই গতকাল পর্যন্ত 'বন্দে ভারত' মিশনের প্লেন উড়িয়েছেন। এমনকি যখন এয়ার ইন্ডিয়া এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়েছে সেই সময় অন্যান্য দিনের মতোই কর্তব্য অনুযায়ী কেউ কেউ প্লেনের ককপিটে বসেছিলেন। কেউ বা বিমান নিয়ে ছিলেন মাঝ আকাশে।
গতকাল অর্থাৎ ১৪ অগস্ট শুক্রবার রাতে এয়ার ইন্ডিয়ার তরফে ফরমান জারি করে ওই ৪৮ জনকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই পাইলটদের প্রত্যেকেই গতবছর পদত্যাগ করেছিলেন। পরে আবার নিয়ম অনুযায়ী ৬ মাসের নোটিস পিরিয়ডের মধ্যে পাইলটরা নিজেদের ইস্তফাপত্র প্রত্যাহার করে নেন। কাজেও যোগ দেন তাঁরা। সেই সময় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পাইলটদের সিদ্ধান্ত মেনেও নেয়। সব পাইলটকেই কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়।
কিন্তু শুক্রবার রাতে হঠাৎই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ওই পাইলটদের ইস্তফাপত্র প্রত্যাহারের যে সিদ্ধান্ত পূর্বে মেনে নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে এই ৪৮ জন পাইলটকে তাঁদের দায়িত্ব-কর্তব্য, কাজ থেকে অব্যাহতি নিতে বলা হয়। জানা গিয়েছে যে এই ৪৮ জন পাইলটকে যে বরখাস্ত করা হবে সে কথা তাঁদের আগে থেকে জানানোর প্রয়োজনও বোধ করেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
এ ভাবে আচমকা কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে যে করোনা পরিস্থিতির আগে যে বিপুল সংখ্যক বিমান চলাচল করত, এখন তা অনেক কমে গিয়েছে। অদূর ভবিষ্যতে পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণও দেখা যাচ্ছে না। আপাতত বিমান সংস্থা বিপুল পরিমাণ লোকসানে চলছে। এই পরিস্থিতিতে এই কর্মীকে সঠিক ভাবে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণেই ৪৮ জন পাইলটকে ছাঁটাই করা হয়েছে।
যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের এই আচরণকে বেআইনি আখ্যা দিয়েছে পাইলটদের সংগঠন ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন (ICPA)। সংগঠন দ্রুত এই বিষয়ে সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের হস্তক্ষেপের দাবি জানিয়েছে।