
শেষ আপডেট: 31 March 2019 08:45
বায়ুসেনার আধিকারিকরা জানিয়েছেন, মিগ-২৭ যুদ্ধ বিমানটি রুটিন পরীক্ষা-নিরীক্ষার জন্য ওড়ানো হয়েছিল। কিন্তু উড়ানের পর মুহূর্তেই ভেঙে পড়ে বিমানটি। তবে কী কারণে এই যুদ্ধ বিমান ভেঙে পড়েছে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। যোধপুর থেকে ১৮০ কিলোমিটার দূরে রবিবার সকালে ভেঙে পড়েছে এই যুদ্ধ বিমান। পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েকমাসে এই নিয়ে ভেঙে পড়েছে তিনটি মিগ যুদ্ধ বিমান।
চলতি মাসের ৮ তারিখেও রাজস্থানের বিকানিরে ভেঙে পড়েছিল বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১। রুটিন মহড়ার সময়েই ভেঙে পড়ে ওই যুদ্ধ বিমান। তবে সে ক্ষেত্রেও রক্ষা পেয়েছিলেন পাইলট। পোখারান রেঞ্জের উপর নিরাপদে অবতরণ করেন তিনি। গত মাসেও জয়শলমিরে ভেঙে পড়েছিল একটি মিগ-২৭ যুদ্ধ বিমান। ২০১৮ সালের জুলাই মাসে হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় ভেঙে পড়েছিল আরও একটি বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১। মারা গিয়েছিলেন যুদ্ধ বিমানের পাইলট। 