দ্য ওয়াল ব্যুরো: ফাঁসির দিন এগিয়ে আসছে। আর তার আগে নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত চার আসামীর মধ্যে দু'জন পরিবারের সঙ্গে শেষবার দেখা করতে পারবে বলে জানাল তিহাড় জেল কর্তৃপক্ষ। এই মর্মে চারজনকেই নোটিস পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ।
তিহাড় জেল কর্তৃপক্ষের তরফে চার দোষী মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তকে নোটিস পাঠানো হয়েছে। তাতে লেখা রয়েছে মুকেশ সিং ও পবন গুপ্ত ১ ফেব্রুয়ারির আগে পরিবারের সঙ্গে দেখা করেছিল। তাই তারা আর দেখা করতে পারবে না। কিন্তু অন্য দুই দোষী অর্থাৎ অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মা ৩ মার্চ ফাঁসির আগে পরিবারের সঙ্গে শেষবার সাক্ষাৎ করতে পারবে।
যদিও এই দেখা করার নোটিসের উত্তরে অক্ষয় ও বিনয় কী বলেছে তা জানা যায়নি।
শেষবার ফাঁসির সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে মাথা ঠুকে নিজেকে আহত করে বিনয় শর্মা। তারপরে আদালতের সামনে তার আইনজীবী জানান, "মাথায় গুরুতর চোট পেয়েছে বিনয়। তার ডান হাতেও ফ্র্যাকচার হয়েছে। মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছে বিনয়। ও এখন কাউকে চিনতে পারছে না। এমনকি ওর মাকেও নয়। ওকে ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে পাঠানোর আবেদন জানাচ্ছি আমি।” এই আবেদনের পরে তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রাণা। সেই রিপোর্ট এদিন জমা দিয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক জেল আধিকারিক বলেছেন, বিনয় সম্পূর্ণভাবেই সুস্থ রয়েছে। তার মধ্যে কোনওরকম মানসিক বিকার দেখা যায়নি। মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরেই প্রাণভিক্ষার আরও কোনও রাস্তা খোলা নেই দেখে সে আমরণ অনশনে বসেছে। তাতেও বিশেষ ফল না হওয়ায়, এখন নিজের মাথা ঠুকে বাঁচার চেষ্টা চালাচ্ছে।
২০১২ সালে প্যারামেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের পর খুনের ঘটনায় চার দণ্ডিত মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তর ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত। প্রথম পরোয়ানায় ফাঁসি কার্যকরের তারিখ ছিল ২২ জানুয়ারি। তার পর দ্বিতীয় পরোয়ানায় সেই তারিখ ছিল ১ ফেব্রুয়ারি। কিন্তু তার মধ্যেও সব আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় গত ৩১ জানুয়ারি পাতিয়ালা হাউস কোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি কার্যকরের উপর স্থগিতাদেশ দেয়। দিল্লি হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একসঙ্গে মামলা করেছিল কেন্দ্রীয় ও দিল্লির সরকার। তারপরেই দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট ১৭ ফেব্রুয়ারি নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করে। জানানো হয় ৩ মার্চ সকাল ৬টায় ফাঁসি হবে নির্ভয়ার দোষীদের।