দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ঘণ্টায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়ে অবশেষে নরম হলেন তামিলনাড়ুর বনমন্ত্রী দিনদিগাল সি শ্রীনিবাসন।
নিলগিরির মুদুমালাই টাইগার রিজার্ভে ৪৮ দিনের ক্যাম্প করেছে রাজ্যের বন দফতর। কুনকি হাতিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য করা হয়েছে এই ক্যাম্প। সেই ক্যাম্প তদারকি করতে বৃহস্পতিবার গিয়েছিলেন রাজ্যের বনমন্ত্রী দিনদিগাল সি শ্রীনিবাসন। ক্যাম্পে যাওয়ার পথেই এমন কীর্তি ঘটান তিনি।
মুদুমালাই টাইগার রিজার্ভের পাশেই আদিবাসীদের গ্রাম। অভিযোগ ওঠে, মন্ত্রী ইচ্ছা করেই গ্রামের ছেলেদের ডেকে এনে পায়ের জুতো খোলাতে বাধ্য করেছেন। এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রীকে এমন কাণ্ড করতে দেখে ক্ষোভ ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। শুরু হয়েছে তুমুল সমালোচনা। অনেকেই বলেছেন, দলিত ছেলেটি ঝুঁকে যখন জুতো খুলছিল, মুখে চওড়া হাসি ছিল মন্ত্রীর। বোঝাই যাচ্ছিল এই গোটা ব্যাপারটাতে তিনি যথেষ্ট মজা পেয়েছেন তিনি।
শুক্রবার সকালে স্থানীয় থানায় গিয়ে ওই মন্ত্রীর বিরুদ্ধে তপসিলি জাতি-উপজাতি সুরক্ষা আইনে অভিযোগ দায়ের করে ওই কিশোর। দলিত ছেলেটি পুলিশকে জানিয়েছে, সে মোটেও স্বেচ্ছায় মন্ত্রীর জুতো খোলেনি। বরং মন্ত্রী তাঁকে ডেকে নিয়ে পা থেকে জুতো খোলানো করিয়েছে। এই অভিযোগের পরই ক্ষমা চান ওই মন্ত্রী।