দ্য ওয়াল ব্যুরো: শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল ৩ মে লকডাউন উঠে গেলেই বিমান পরিষেবা ফের চালু করতে চলেছে তারা। কবে থেকে টিকিট কাটা যাবে সেকথাও জানানো হয়েছিল এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে। তার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রর তরফে জানিয়ে দেওয়া হল, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করে বলেন, “অসামরিক বিমানমন্ত্রক এটা পরিষ্কার করতে চায়, ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই প্রত্যেকটি বিমান সংস্থাকে জানানো হচ্ছে মন্ত্রকের তরফে কোনও নির্দেশিকা দেওয়ার পরেই নিজেদের বুকিং শুরু করতে।”
https://twitter.com/HardeepSPuri/status/1251556424234045443?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1251556424234045443&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-air-india-opens-bookings-for-travel-from-may-4-on-some-domestic-routes-2214107
শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয় জুন মাসের পয়লা তারিখ অর্থাৎ ১ জুন থেকে আন্তর্জাতিক সফরের জন্য এয়ার ইন্ডিয়ার টিকিট বুক করতে বা কাটতে পারবেন যাত্রীরা। আর ডোমেস্টিক বিমানের ক্ষেত্রে টিকিট বুকিং শুরু হবে ৪ মে থেকে। অর্থাৎ ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। তার পরের দিনই ডোমেস্টিক বিমানের জন্য টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। তবে নির্দিষ্ট রুটেই চালু হবে পরিষেবা। অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি মেট্রোপলিটন শহরের ক্ষেত্রেই ডোমেস্টিক বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই তালিকায় রয়েছে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরু।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ প্রথম লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার এই লকডাউনের মেয়াদ ছিল ২১ দিন অর্থাৎ তিন সপ্তাহের। ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল লকডাউন। কিন্তু সেদিন সকালেই প্রধানমন্ত্রী ফের ঘোষণা করেন যে ৩ মে পর্যন্ত দেশে লকডাউন চলবে। যদিও প্রথম দফার লকডাউনের আগেই আন্তর্জাতিক এবং ডোমেস্টিক বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। ২২ মার্চ আন্তর্জাতিক বিমান ওঠানামা বন্ধ হয়। আর ২৫ মার্চ থেকে বন্ধ হয়েছিল ডোমেস্টিক ফ্লাইট। প্রাথমিক ভাবে জানা ছিল না যে লকডাউনের মেয়াদ বাড়তে পারে। তাই ১৪ এপ্রিলের পরের বুকিং নেওয়া শুরু করেছিল বিভিন্ন এয়ারলাইন্স। যদিও এই তালিকায় নাম ছিল না এয়ার ইন্ডিয়া।
এর মধ্যেই দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা হওয়ার পর শোনা যায় এই লকডাউনের সময়ে যাত্রীরা যে টিকিট কেটেছে তার টাকা নাকি ফেরত পাওয়া যাবে না। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে বেশি সময় লাগেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নামে ডিজিসিএ। তাদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে লকডাউনের মেয়াদে কাটা সমস্ত বিমানের টিকিটের টাকা যাত্রীরা চাইলেই ফেরত পাবেন। পাশাপাশি টিকিট ক্যানসেল করার জন্য অতিরিক্ত টাকা নিতে পারবে না কোনও এয়ারলাইন্স কর্তৃপক্ষই।