দ্য ওয়াল ব্যুরো: হিন্দিতে একটি প্রবাদ রয়েছে। জাতীয় রাজনীতিতে সে কথা বারবার ফিরে এসেও এতদিনে ক্লিশে হয়নি—‘রাজনীতি সম্ভাবনাও কা খেল হ্যায়!’ অসম্ভব বলে কিছু হয় না। বুধবার রাতের ছবিটা ফের তার প্রমাণ দিল।
মুম্বইয়ের শিবাজি পার্কে কাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন প্রয়াত বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে। এনসিপি-কংগ্রেসের সঙ্গে শিবসেনার জোট সরকারের মুখ্যমন্ত্রী হবেন তিনি। শপথ অনুষ্ঠানের জন্য সনিয়া-রাহুলকে দুপুরেই নিমন্ত্রণ পাঠিয়েছিলেন উদ্ধব ঠাকরে। কংগ্রেস সূত্রে বলা হচ্ছিল, সংসদের অধিবেশন যেহেতু চলছে তাই মুম্বই নাও যেতে পারেন সনিয়া-রাহুল।
কিন্তু সে যাই হোক, সৌজন্যের ত্রুটি রাখলেন না উদ্ধব। ছেলে আদিত্য ঠাকরেকে মুম্বই থেকে রাতে পাঠিয়ে দিলেন দিল্লিতে। এ দিন রাতে দশ নম্বর জনপথে গিয়ে সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন আদিত্য। তাঁকে বাবার শপথ অনুষ্ঠানের জন্য ফের আমন্ত্রণ জানান। তার পর সনিয়ার বাড়ি থেকে আদিত্য যান কাছেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাসভবনে। তাঁকেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।
মহারাষ্ট্রে এবার বিধানসভা ভোটে মুম্বইয়ের ওরলি থেকে প্রার্থী ছিলেন আদিত্য। ভোটে জিতেওছেন। তা ছাড়া তারপর থেকে রাজ্যপালের সঙ্গে দেখা করা বা এনসিপি নেতৃত্বের সঙ্গে বৈঠক- সবেতেই আদিত্যকে এগিয়ে দিতে শুরু করেছেন উদ্ধব। বার্তাটা পরিষ্কার, শিবসেনার পরবর্তী প্রজন্মের নেতা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
শিবসেনা সূত্রে বলা হচ্ছে, সনিয়া-মনমোহনের পাশাপাশি উদ্ধব ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কাল মুম্বইতে আমন্ত্রণ জানিয়েছেন। ফোনে উদ্ধবকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।