দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগে প্রযোজক ও পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। এবার রাজনীতিতে যোগ দিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালের রিপাব্লিকান পার্টি অফ ইন্ডিয়া বা আরপিআইতে যোগ দিলেন তিনি। কেন্দ্রের বিজেপির জোটসঙ্গী এই আরপিআই। এমনকি কেন্দ্রে বর্তমানে একমাত্র অ-বিজেপি মন্ত্রী এই রামদাস অঠওয়াল।
সোমবার রামদাসের উপস্থিতিতে দলে যোগ দেন পায়েল ঘোষ। মুম্বইতে দলীয় কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী। শুধু দলে যোগ দেওয়া নয়, রিপ্লাব্লিকান পার্টি অফ ইন্ডিয়ার মহিলা মোর্চার সহ-সভানেত্রীর পদ দেওয়া হয়েছে।
এদিন পায়েলের যোগদানের পরে রামদাস বলেন, এতে তাঁর দল আরও বেশি শক্তিশালী হয়েছে। তিনি আরও দাবি করেন, অনুরাগ কাশ্যপকে শিগগির গ্রেফতার করা হবে।
রামদাস বলেন, “আমি পায়েলকে বলেছিলাম রিপাব্লিকান পার্টি অফ ইন্ডিয়া বাবাসাহেব আম্বেদকরের পার্টি। এই দল সমাজের সব স্তরের মানুষ, দলিত, আদিবাসী, ওবিসি, গ্রামবাসী, বসতিবাসী সবাইকে সাহায্য করে। উনি যোগ দিলে দল একটা ভাল মুখ পাবে এমনটাই আমি পায়েলকে বলেছিলাম। ওনার সঙ্গে আলোচনা করার পরে উনি দলে যোগ দিতে রাজি হয়ে যান।”
রাজনীতিতে যোগ দেওয়ার পরে পায়েল ঘোষ জানিয়েছেন, দেশের জন্য কিছু করার মানসিকতা নিয়েই রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার জন্য রামদাস অঠওয়ালকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
কিছুদিন আগে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন পায়েল ঘোষ। তিনি অভিযোগ করেন, ৫ বছর আগে ছবিতে সুযোগ দেওয়ার নামে তাঁকে ধর্ষণ করেছিলেন পরিচালক। ভারসোভা থানায় অনুরাগের নামে এফআইআরও দায়ের করেন তিনি। পুলিশের সমনে হাজিরাও দেন অনুরাগ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অনুরাগ। এমনকি এই লড়াইয়ে নিজের দুই স্ত্রীকেই পাশে পেয়েছেন তিনি। কিন্তু এর মধ্যেই এবারে পায়েল ঘোষের রাজনীতিতে যোগ দেওয়ায় অনুরাগের উপর চাপ আরও বাড়ল বলেই মনে করছেন অনেকে।