দ্য ওয়াল ব্যুরো: দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমণ যে রাজ্যে সেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রবিবার জানালেন, ৮০ শতাংশ রোগী উপসর্গহীন।
গতকাল এক দিনে ৮১১ জন করোনা আক্রান্ত হলেন মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক। রবিবার সকালের বুলেটিন অনুযায়ী মহারাষ্ট্রের করোনা সংক্রামিতের মোট সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৬২৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের ২২ জনের। মোট মৃতের সংখ্যা ৩২৩। যদিও মৃত্যুর হার ৪.৪ শতাংশ কমেছে বলে দাবি করেছেন মহারাষ্ট্র সরকারের শীর্ষ আমলারা।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এর আগে বলেছিলেন ১৮ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হবে। এদিন উদ্ধব ঠাকরে বলেন, মে মাসের শেষ পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।
২৫ এপ্রিল পর্যন্ত মহারাষ্ট্রে টেস্ট হয়েছে এক লক্ষ আট হাজার ৯৭২টি স্যাম্পল। রাজ্যের ৫৫৫ টি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসক, নার্স, প্যারা মেডিক্যাল স্টাফ এবং সামগ্রিক ভাবে প্রশাসনের সমস্ত কর্মী, আধিকারিক নিজেদের উজাড় করে দিচ্ছেন। আত্মবিশ্বাসী উদ্ধব বলেন, "শেষ পর্যন্ত আমরা এই মারণ ভাইরাসকে হারিয়ে জিতবই।"