ছত্তীসগড়ে পেপার মিলে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ ৭ কর্মী
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের পর এবার ছত্তীসগড়। বৃহস্পতিবার ছত্তীসগড়ের রাইগড় জেলায় একটি পেপার মিলে বিষাক্ত গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়লেন সাত কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে রাইগড় জেলার টেটলা গ্রামে
শেষ আপডেট: 7 May 2020 13:25
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের পর এবার ছত্তীসগড়। বৃহস্পতিবার ছত্তীসগড়ের রাইগড় জেলায় একটি পেপার মিলে বিষাক্ত গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়লেন সাত কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে রাইগড় জেলার টেটলা গ্রামে শক্তি পেপার মিল নামের একটি কারখানায় কর্মীরা একটি ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করছিলেন। তখনই এই বিষাক্ত গ্যাস লিক করে। সঙ্গে সঙ্গে সেখানে থাকা সাতজন কর্মী অসুস্থ হয়ে পড়েন।
রাইগড়ের পুলিশ সুপার সন্তোষ সিং জানিয়েছেন, এই দুর্ঘটনার পরেও মিলের মালিক পুলিশকে কিছু জানায়নি। ওই কর্মীদের হাসপাতালে ভর্তি করার পরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। তারপরেই পুলিশ গোটা বিষয়টা জানতে পারে। অসুস্থ কর্মীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে তাঁদের রাইপুরে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, লকডাউন শুরু হওয়ার পর থেকেই বন্ধ ছিল এই পেপার মিল। কিন্তু সম্প্রতি কারখানা খোলার অনুমতি পাওয়ার পরে তা পরিষ্কার করার কাজ করছিলেন কর্মীরা। সেখানেই একটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে এই দুর্ঘটনা হয়।
সন্তোষ সিং জানিয়েছেন, এই দুর্ঘটনার পরে মিলের মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। কারখানায় একটি ফরেন্সিক দল পাঠানো হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখছে এই দল।
এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বেঙ্কটপুরমের এলজি পলিমার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি বহুজাতিক রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক শুরু হয়। জানা গেছে, সে সময়ে কারখানায় ছিলেন শুধু নিরাপত্তারক্ষীরা। আচমকা গ্যাস লিক হওয়ায় অচৈতন্য হয়ে পড়েন তাঁরা। ফলে কেউ কিছু জানতেই পারেননি, গ্যাস ছড়িয়ে পড়তে থাকে লোকালয়ে। সাড়ে ৪টের দিকে আশপাশের এলাকার বাসিন্দাদের চোখ জ্বালা করতে থাকে ও শ্বাসকষ্ট শুরু হতে থাকে। অস্বস্তিতে ঘুম ভেঙে যায় অনেকের। তখন খবর যায় পুলিশে। জরুরি ভিত্তিতে উদ্ধারের কাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এই গ্যাস লিক করে ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও হাজারের বেশি মানুষ। কী ভাবে এই দুর্ঘটনা হল তার তদন্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি জানিয়েছেন, কারখানার মালিককে এর জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জাতীয় বিপর্যয় মোকবিলা দলের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।