শেষ আপডেট: 18 July 2020 03:32
দ্য ওয়াল ব্যুরো: ফের বড় সাফল্য ভারতীয় সেনার। গত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের হাতে খতম হয়েছে ৬ জঙ্গি। জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় নাশকতা চালানোর পরিকল্পনা করছিল তারা। সেই পরিকল্পনা বানচাল করেছে নিরাপত্তারক্ষীরা।
শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরে সোপিয়ান জেলার আমশিপোরা গ্রামে শুরু হয় এনকাউন্টার। গোপন সূত্রে নিরাপত্তারক্ষীরা খবর পেয়েছিলেন, এই এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে আছে। শনিবার ভোরে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন তারা। ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের বাহিনী সেখানে ছিল। নিরাপত্তারক্ষীদের দেখেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সেনার তরফেও তার জবাব দেওয়া হয়। শুরু হয় এনকাউন্টার।
বেশ কিছুক্ষণের এনকাউন্টারে ৩ জঙ্গি খতম হয়েছে বলে খবর। তারা কোন জঙ্গিগোষ্ঠীর তা এখনও জানা যায়নি। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার বিকেলে কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে সেনার হাতে আরও ৩ জঙ্গি খতম হয়েছে। তাদের মধ্যে জইশ ই মহম্মদের এক কম্যান্ডার রয়েছে বলে খবর। জানা গিয়েছে, কুলগামে যে জইশ কম্যান্ডার খতম হয়েছে সে আইইডি বিশেষজ্ঞ ছিল। সাম্প্রতিক অতীতে কাশ্মীরে সেনার উপর একাধিক হামলার পিছনে ছিল সে। এই এনকাউন্টারে তিন নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন বলে খবর।
পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “কুলগামে এনকাউন্টারে খতম জঙ্গিরা সবাই জইশ ই মহম্মদ গোষ্ঠীর। তাদের মধ্যে একজন কম্যান্ডারও রয়েছে, যাকে আইইডি বিশেষজ্ঞ বলেই সবাই চিনত। সাম্প্রতিক অতীতে পাকিস্তানের নির্দেশে ভারতীয় সেনা ও নিরাপত্তারক্ষীদের উপর হওয়া একাধিক হামলায় যুক্ত ছিল এই কম্যান্ডার। বিস্ফোরক তৈরি করে তার সাহায্যে নাশকতার চেষ্টা করত সে। গত ৩-৪টে এনকাউন্টার থেকে পালিয়ে বাঁচছিল সে। কিন্তু এবার আর পারেনি।”
সেনা সূত্রে খবর, জঙ্গিদের উদ্দেশ্য ছিল অমরনাথ যাত্রায় হামলা করা। তার জন্যই তৈরি হচ্ছিল তারা। ২১ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগেই দুটি দলে ভাগ হয়ে তৈরি হচ্ছিল তারা। জইশ কম্যান্ডারের দায়িত্ব ছিল বিস্ফোরক তৈরি করা। কিন্তু এই যাত্রার চারদিন আগেই তাদের খতম করতে সক্ষম হয়েছে সেনা।
দক্ষিণ কাশ্মীরের দু’নম্বর সেক্টরের কম্যান্ডার ব্রিগেডিয়ার বিবেক সিং ঠাকুর জানিয়েছেন, “আমাদের কাছে খবর ছিল জঙ্গিরা যাত্রায় হামলা চালাতে চাইছে। কিন্তু আমাদের কাছে সেই প্রযুক্তি ও ক্ষমতা রয়েছে যার মাধ্যমে আমরা তার আগেই তাদের খতম করে দিয়েছি। আমাদের প্রধান লক্ষ্য হল যাতে অমরনাথ যাত্রা শান্তিতে হয়। তার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রা সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে।”