দ্য ওয়াল ব্যুরো: এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি দফতরেও হানা দিল নভেল করোনাভাইরাস। সম্প্রতি ইডি-র ছয় আধিকারিক কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন বলে খবর। এই খবর পাওয়ার পরেই ইডি-র হেড-কোয়ার্টার সিল করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সম্প্রতি হেড-কোয়ার্টারে কর্মরত এক জুনিয়র র্যাঙ্কের অফিসারের করোনা সংক্রমণ ধরা পড়ে। তিনি কেন্দ্রীয় আধাসেনা থেকে ইডি দফতরে ডেপুটেশনে যোগ দিয়েছিলেন। তার পরেই তাঁর সংস্পর্শে আসা আধিকারিকদের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে শুক্রবার আরও পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে।
এই খবর পাওয়ার পরেই হেড-কোয়ার্টার সিল করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আপাতত শনি-রবিবার বন্ধ থাকবে হেড-কোয়ার্টার। সেখানে স্যানিটাইজেশনের কাজ চলবে। তারপরে ফের তা খোলা হবে। এই ছয় আধিকারিকের সংস্পর্শে আসা আরও ১০ আধিকারিককে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
সংক্রমণ রুখতে অবশ্য আগে থেকেই ব্যবস্থা নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, মার্চ মাস থেকেই ইডি-র হেড-কোয়ার্টার সপ্তাহে দু’বার স্যানিটাইজ করা হচ্ছে। শুধুমাত্র যেসব কর্মীদের প্রয়োজন তাঁদেরই অফিসে আসতে হচ্ছে। বাকিরা বাড়ি থেকেই কাজ করছেন।
শনিবার, ৬ জুন, সকাল ৮টার বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৮৮৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। তার সঙ্গেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩৬,৬৫৭। অর্থাৎ বিশ্বের কোভিড তালিকায় ইতালিকে টপকে ছ’নম্বরে উঠে এসেছে ভারত।
গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গিয়েছেন ২৯৪ জন। এই মুহূর্তে দেশে মোট মৃতের সংখ্যা ৬৬৪২। এই সংখ্যাও গত কয়েক দিন ধরে ক্রমাগত বেড়েছে। গত চার দিনে নতুন করে প্রায় হাজার জনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় বিশ্বে এই মুহূর্তে ১২ নম্বরে রয়েছে ভারত।
আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির সঙ্গে অবশ্য বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। ভারতে এই মুহূর্তে সুস্থ হয়ে উঠেছেন ১,১৪,০৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪৬১১ জন সুস্থ হয়ে উঠেছেন দেশজুড়ে। এই সুস্থতার হার ৪৮.২০ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,১৫,৯৪২।