দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেই ৫৩ বছরের এক ব্যাঙ্ক ম্যানেজারকে ধর্ষণ করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের ভোপালে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে স্থানীয় প্রশাসনের দিকেই।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বোপালের শাহপুরা নামের সম্ভ্রান্ত এলাকায় একটি আবাসনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। স্থানীয় একটি ব্যাঙ্কের ম্যানেজার ওই মহিলা চোখে কম দেখেন। ফ্ল্যাটে তাঁর স্বামীর সঙ্গে থাকেন তিনি। কিন্তু লকডাউনের আগে তাঁর স্বামী নিজের বাড়ি রাজস্থানের সিরোহীতে গিয়েছিলেন। লকডাউন হয়ে যাওয়ায় সেখানেই আটকে পড়েন তিনি। ফলে তারপর থেকে ফ্ল্যাটে একাই থাকছিলেন ওই মহিলা।
জানা গিয়েছে, শুক্রবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ব্যালকনির দরজা দিয়ে ভেতরে ঢোকে। তারপর ওই মহিলাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। হাত-মুখ বেঁধে দেওয়ায় ওই মহিলা চিৎকার করে কাউকে ডাকতেও পারেননি বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি চলে যাওয়ার পরে কোনওরকমে নিজের বাঁধন খুলে প্রতিবেশীদের খবর দেন ওই মহিলা। তাঁরাই পুলিশে খবর দেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ও অন্য কিছু ধারায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন শাহপুরা থানার ওসি চন্দ্রভান পটেল। এলাকার সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। ওই মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর।
এই ঘটনার পরে স্থানীয়রা প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন। তাঁদের অভিযোগ, লকডাউনের ফলে সবাই ঘরে বন্দি। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব পুলিশের। আর তারমধ্যেই কিনা এই রকমের সম্ভ্রান্ত এলাকায় ফ্ল্যাটের মধ্যে ধর্ষণের মতো ঘটনা ঘটল। এটা পুলিশের ব্যর্থতাকেই প্রকাশ করছে। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের অপরাধীকে গ্রেফতার করতে হবে বলেই দাবি তুলেছেন তাঁরা।