দ্য ওয়াল ব্যুরো: দেশের শীর্ষ আদালত আধার মামলার রায় দিয়েছে গত মাসের ২৬ তারিখ। তখনই আশঙ্কা করা হয়েছিল। সেই আশঙ্কা আরও বাড়ল এ বার।
দেশের ৫০ কোটি মোবাইল গ্রাহককে নতুন করে কেওয়াইসি (Know Your Customer) জমা দিতে হবে। নাহলে বন্ধ হবে মোবাইল পরিষেবা। আধার সংযুক্তিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের পরে সরকারি-বেসরকারি সমস্ত টেলিকম সংস্থাই মোবাইলের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করেছিল। কিন্তু সুপ্রিমকোর্ট রায় দিয়েছে কোনও বেসরকারি সংস্থা নাগরিকদের আধারের তথ্য জানতে চাইতে পারবে না। তাহলে এই অবস্থায় টেলিকম সংস্থাগুলি কী করবে?
বুধবার নয়াদিল্লিতে টেলিকম সচিব অরুণা সুন্দরাজন বৈঠক করেন টেলিকম সংস্থাগুলির আধিকারিকদের সঙ্গে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নতুন কেওয়াইসি নেওয়ার জন্য গ্রাহকদের পর্যাপ্ত সময় দিতে হবে।
আগে যে কোনও সরকারি নথির ফোটোকপি দিয়েই সিম নেওয়া যেত। গ্রাহকদের সেই তথ্যই থাকত টেলিকম সংস্থার ঘরে। কিন্তু আধার সংযুক্তিকরণের পর সেসব তথ্য টেলিকম সংস্থাগুলি রিসাইকেল বিন-এ ফেলে দিয়েছে বলেই মনে করছেন অনেকে। আধারের তথ্যই তারা গ্রাহ্য করেছিল কেওয়াইসি হিসেবে। কিন্তু সুপ্রিম রায়ের পর তাও ফেলে দিতে হবে ওয়েস্ট বক্সে। অন্য দিকে রিলায়েন্স যখন ‘জিও’ বাজারে আনে, তারা শুধু আধারের ভিত্তিতেই সিম দিয়েছিল। এখন আম্বানিরা কেওয়াইসি-র জন্য কোন কোন তথ্য চাইবেন সবটাই ধোঁয়াশা। যদিও কেন্দ্রীয় সরকার চাইছে একটা সাধারণ গাইড লাইন তৈরি করতে। এ বিষয়ে আগামী দশ দিনের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে বিকল্প পদ্ধতির প্রস্তাবও জমা দিতে বলেছে টেলিকম দফতর।