ট্রেনের বন্দোবস্ত থেকে খাবার, ভিন রাজ্যের শ্রমিকদের বিষয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের
দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন রাজ্যের আবেদনের পরে ১ মে থেকে ট্রেনে করে ভিন রাজ্যের শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে রেলমন্ত্রক। কিন্তু তারপরেও একাধিক বিতর্ক সামনে আসছে। কখনও রাজ্য সরকারগুলি নালিশ করছে তাদের না জানিয়েই ট্রেন
শেষ আপডেট: 28 May 2020 11:49
দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন রাজ্যের আবেদনের পরে ১ মে থেকে ট্রেনে করে ভিন রাজ্যের শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে রেলমন্ত্রক। কিন্তু তারপরেও একাধিক বিতর্ক সামনে আসছে। কখনও রাজ্য সরকারগুলি নালিশ করছে তাদের না জানিয়েই ট্রেন পাঠানো হচ্ছে, তো কখনও রেলমন্ত্রকের তরফে বলা হচ্ছে অনেক রাজ্য শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অনীহা দেখাচ্ছে। এসবের ফলে সমস্যায় পড়েছেন শ্রমিকরা। আর তাই এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কিছু সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।
গত কয়েক দিনে ট্রেনে বেশ কিছু শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত ৪৮ ঘণ্টায় মারা গিয়েছেন ৯জন শ্রমিক। তাঁদের অভিযোগ, ট্রেনে খাবারের অভাব ও অত্যধিক গরমে মৃত্যু হয়েছে শ্রমিকদের। গত কয়েক দিনে বিভিন্ন স্টেশনে শ্রমিকদের খাবার লুঠ করতেও দেখা গিয়েছে। গতকাল একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে স্টেশনে শ্রমিক মায়ের মৃত্যু হওয়ার পর তাঁর কাপড় টেনে তাঁকে জাগানোর চেষ্টা করছে তাঁর ছোট্ট সন্তান।
এই সব উদাহরণ এনে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, প্রধান সমস্যা হল এই শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া ও তাঁদের খাবার দেওয়া। আর তাই কেন্দ্র ও রাজ্যগুলিকে কিছু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কোনও রাজ্য শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করলেই ট্রেনের বন্দোবস্ত করতে হবে। তার জন্য শ্রমিকদের কাছ থেকে কোনও টাকা নেওয়া যাবে না। রাজ্য সরকার ও কেন্দ্র সেই ভাড়া নিজেদের মধ্যে ভাগ করে নেবেন।
এই সময় বিভিন্ন রাজ্যে যেসব শ্রমিকরা আটকে রয়েছেন, তাঁদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে। নির্দেশিকা জারি করে এই কথা জানাতে হবে।
ট্রেনে যাত্রা করার সময় যে রাজ্য থেকে শ্রমিকরা উঠছেন সেই রাজ্য সরকার ও রেলমন্ত্রককে শ্রমিকদের খাবার ও জলের ব্যবস্থা করতে হবে। বাসে করে যাঁদের ফেরানো হচ্ছে তাঁদেরও খাবার ও জলের বন্দোবস্ত করতে হবে।
ভিন রাজ্যের শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর জন্য নাম নথিভুক্ত করার দায়িত্ব নিতে হবে রাজ্যগুলিকেই। একবার নাম নথিভুক্ত হয়ে গেলে যত দ্রুত সম্ভব তাঁদের রাজ্যে ফেরানোর বন্দোবস্ত করতে হবে।
এই মুহূর্তে যেসব শ্রমিকরা পায়ে হেঁটে, সাইকেলে বা অন্য উপায়ে রাজ্যে ফেরার চেষ্টা করছেন, তাঁদের জন্য আশ্রয় ও খাবারের বন্দোবস্ত করতে হবে। তারপর সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে তাঁদের ফেরানোর বন্দোবস্ত করতে হবে।
সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, তাঁদের এইসব নির্দেশিকার পরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কী পদক্ষেপ নেবে সেই সংক্রান্ত জবাব শীর্ষ আদালতকে জানাতে হবে। যদি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কোনও প্রস্তাব থাকে তাও জানানো যেতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।