দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে সাত সকালে গুলির লড়াইয়ে গ্রেফতার হয়েছে ৫ জঙ্গি। তারা একাধিক জঙ্গি সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে। পূর্ব দিল্লিতে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার করা হয়েছে তাদের।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে পূর্ব দিল্লির শেখরপুরা এলাকায় হয় এই গুলির লড়াই। গোপন সূত্রে পুলিশ খবর পায়, ওই এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করা গেছে। তাই গতকাল রাত থেকেই সেখানে ডেরা পেতেছিল পুলিশ। আজ সকালে শুরু হয় এনকাউন্টার। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পরে জঙ্গিরা সবাই আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
জানা গিয়েছে ধৃত জঙ্গিদের দু’জন পাঞ্জাবের ও বাকি তিনজন কাশ্মীরের বাসিন্দা। যদিও তাদের নাম-পরিচয় কিছু জানায়নি পুলিশ। স্পেশ্যাল সেলের পুলিশ কমিশনার প্রমোদ কুশওয়াহা বলেন, “শেখরপুরা এলাকায় আজ সকাল ৭টা নাগাদ এই অপারেশন হয়। আমাদের স্পেশ্যাল সেলের অফিসারদের সঙ্গে গুলির লড়াইয়ের পরে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র-সহ অনেক সরঞ্জাম উদ্ধার হয়েছে।”
যদিও ধৃতরা কোন জঙ্গি সংগঠনের সদস্য সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলেই জানিয়েছেন প্রমোদ কুশওয়াহা। তিনি জানান, এই মুহূর্তে তদন্ত একদম প্রাথমিক স্তরে রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য জায়গা থেকেও অনেক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এই জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে বলেই জানিয়েছেন তিনি। তাদের অস্ত্র ও অন্য সরঞ্জাম দিয়ে আইএসআই সাহায্য করত বলেই জানা গিয়েছে।