দ্য ওয়াল ব্যুরো: রৌরকেল্লা ইস্পাত কারখানায় গ্যাস লিক করে চার কর্মীর মৃত্যু হয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কোল কেমিক্যাল ডিপার্টমেন্টে রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত ছিলেন ওই চার কর্মী। বুধবার সকালে কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে এই চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
রৌরকেল্লার পুলিশ সুপার মুকেশ কুমার ভামু জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ এই গ্যাস লিক করে। যদিও ঠিক কীভাবে ওই গ্যাস লিক করল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
রৌরকেল্লা ইস্পাত কারখানার সিইও দীপক চট্টোপাধ্যায় জানিয়েছেন, মৃত কর্মীদের পরিবারকে সব রকমের সাহায্য করা হবে। কীভাবে এই ঘটনা ঘটলা তা জানার জন্য এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিন সকালে গ্যাস লিকের পরে চার কর্মীই অসুস্থ হয়ে পড়েন। অচৈতন্য অবস্থায় তাঁদের উদ্ধার করে রৌরকেল্লার ইস্পাত জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। চার কর্মীর নাম গণেশ চন্দ্র পাইলা (৫৯), অভিমন্যু সাহু (৩৩), রবীন্দ্র সাহু (৫৯) ও ব্রহ্মানন্দ পান্ডা (৫১)।
রৌরকেল্লা ইস্পাত কারখানার পাবলিক রিলেশন অফিসার অর্চনা সতপতি জানিয়েছেন, স্টার কন্সট্রাকশন নামের এক সংস্থার কর্মী ছিলেন ওই চারজন। যদিও বিভিন্ন সূত্রে খবর, এই গ্যাস লিক হওয়ায় আরও অনেক কর্মী অসুস্থ হয়েছেন, কিন্তু অর্চনার দাবি সেই সময় সেখানে এই চারজন কর্মীই উপস্থিত ছিলেন।
আধিকারিকরা জানিয়েছেন, ইস্পাত কারখানার কোল কেমিক্যাল ডিপার্টমেন্টে কোক ওভেন ব্যাটারি থেকে কোক ওভেন গ্যাস তৈরি হয়। সেখানে সুরক্ষা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কিনা, বা অন্য কারও অসাবধানতার ফলে এই দুর্ঘটনা ঘটল কিনা তা খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছেন স্থানীয় আধিকারিকরা। তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কারখানা চত্বরে।