দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে ফের মাওবাদী হানায় নিহত হলেন চার বিএসএফ জওয়ান। এছাড়াও আরও দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে খবর। এই লড়াইয়ে বেশ কয়েকজন মাওবাদী খতম হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও তাদের সংখ্যা জানা যায়নি।
বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার ছত্তীসগড়ের কাঁকের জেলার মাহলা গ্রামের কাছে ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন বিএসএফ-এর ১১৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। সেখানেই কিছু মাওবাদী ল্যান্ডমাইন ও আইইডি বিস্ফোরক লাগাচ্ছিল। জওয়ানদের দেখে তারা গুলি চালায়। অতর্কিতে এই হানায় চার জওয়ান সেখানেই নিহত হন। আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন।
জানা গিয়েছে, প্রাথমিক ধাক্কা সামলে উত্তর দেয় বিএসএফ জওয়ানরাও। কিছুক্ষণের মধ্যেই আরও জওয়ান সেখানে এসে পৌঁছয়। পুরো এলাকা ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করেন তাঁরা। জওয়ানদের গুলিতে মাওবাদীরাও খতম হয়েছে বলে সেনা সূত্রে খবর। যদিও ক’জন মাওবাদী খতম হয়েছে, তার সংখ্যা এখনও জানা যায়নি।
বিএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ( অ্যান্টি-নকশাল অপারেশনস ) পি সুন্দররাজ জানিয়েছেন, “অতর্কিতে এই মাওবাদী হামলায় চার বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত দুই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা। কোনও মাওবাদী সেখান থেকে পালাতে পারবে না।”
ছত্তীসগড়ের কাঁকের লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফা অর্থাৎ ১৮ এপ্রিল ভোট হওয়ার কথা। মাওবাদী অধ্যুষিত এই এলাকায় প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। ভোটের সময় যাতে মাওবাদীরা কোনও রকমের সমস্যা করতে না পারে, তার জন্য প্রতিদিনই তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।