দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার সময় ঘটল বিপত্তি। পাহাড়ি রাস্তায় হিমাচলপ্রদেশে চাকা স্কিড করে উল্টে গেল ছাত্র ভর্তি স্কুলবাস। আহত হয়েছে অন্তত ৩৫ জন ছাত্র। এর মধ্যে পাঁচ জন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
বৃহস্পতিবার ছিল হিমাচলের ধর্মশালায় প্রধানমন্ত্রীর সভা। হিমাচলের বিজেপি সরকারের শপথগ্রহণের বর্ষপূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল রাজ্যের তরফে। সেখানেই একটি বেসরকারি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্ররা যোগ দিতে যাচ্ছিল।
ঘটনাটি ঘটেছে ধর্মশালা থেকে ৩৭ কিলোমিটার দূরে কাংড়া জেলার জাওয়ালিতে ঘটে এই দুর্ঘটনা। মাস দুয়েক আগেই সিমলাতে একটি বেসকারি কলেজ ছাত্রদের বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয়েছিল তিন ছাত্রের। এ বার ফের হিমাচলে পথ দুর্ঘটনার কবলে পড়ল ছাত্রদের বাস।