দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দিশা রবিকে। গ্রেফতারির পরোয়ানা ঝুলছে বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও। খালিস্তানপন্থী আন্দোলনে দিশা-সহ বাকিদের প্রচ্ছন্ন মদত রয়েছে এমন অভিযোগও এনেছে পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠক করে দিল্লি পুলিশ জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলের আগের দিন জুম মিটিংয়ে কথাবার্তা হয়েছিল দিশা রবি, নিকিতা জ্যাকব, শান্তনু মুলুক সহ বাকি অভিযুক্তদের। কৃষক বিদ্রোগের সমর্থনের ইন্টারনেটে প্রচার চালিয়েছিলেন ওই তিনজন।
কৃষক আন্দোলনের সমর্থনে গ্রেটা থুনবার্গের পোস্ট করা ‘টুলকিট’ নেটমাধ্যমে শেয়ার করেছিলেন ‘ফ্রাইডেজ ফর ফিউচার ইন্ডিয়া’-এর অন্যতম প্রতিষ্ঠাতা দিশা। বিশ্বজুড়ে কৃষক আন্দোলনকে সমর্থন জানানো হয়েছিল ওই টুলকিটের মাধ্যমেই। এর পরেই বেঙ্গালুরু থেকে ২১ বছরের সমাজকর্মী দিশাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের সাইবার অপরাধদমন শাখা। তদন্তকারীদের দাবি ছিল, ভারতে ওই টুলকিটের পরিচালনা করছিলেন দিশা। নেট মাধ্যমে ওই টুলকিটের মাধ্যমেই কৃষক আন্দোলনের প্রচার চালাচ্ছিলেন।
দিশার পরেই নাম জড়ায় আইনজীবী তথা সমাজকর্মী নিকিতা জ্যাকবের। দিশার সঙ্গেই টুলকিটে কৃষক আন্দোলনের প্রচার করছিলেন নিকিতা, এমন অভিযোগ আনে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা আনা হয়। টুলকিট শেয়ার করার ‘অপরাধে’এফআইআর দায়ের করা হয় আরও এক সমাজকর্মী শান্তনু মুলুকের বিরুদ্ধেও। পুলিশ জানাচ্ছে, এই তিনজনই একসঙ্গে জড়িত ছিলেন। প্রজাতন্ত্র দিবসের আগের দিন জম কলে তাঁদের কথা হয়েছিল। নিজেদের মধ্যে তাঁরা নিয়মিত যোগাযোগ রাখতেন বলেও দাবি পুলিশের। পুলিশের আরও অভিযোগ, ওই টুলকিট তৈরির পিছনে খলিস্তানি আন্দোলনের সমর্থনকারীদের হাত রয়েছে। আর এই টুলকিট সম্পাদনা করে খালিস্তানপন্থীদের সমর্থন করেছেন দিশা ও বাকি অভিযুক্তরা।
দিশা রবির গ্রেফতারির পরে এমনিতেই অস্বস্তিতে দিল্লি পুলিশ। সমাজকর্মী দিশার মুক্তিতে দাবিতে সরব পড়ুয়া, সঙ্গীতশিল্পী সহ দিল্লির বিশিষ্টজনেদের একাংশ। এমনকি দিশার মুক্তি চেয়ে সরব হয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিসও। প্রশ্ন উঠেছে, ভারতে আন্দোলনকারীদেরই বারে বারে টার্গেট করা হয়। বাক স্বাধীনতার অধিকার খর্ব করছে পুলিশ-প্রশাসন। দিশা রবির গ্রেফতারির নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। তাঁর বক্তব্য, গণতন্ত্রের মুখ বন্ধ রাখার চেষ্টা হচ্ছে। দিশার গ্রেফতারি গণতন্ত্রের উপর অপ্রত্যাশিত হামলা।