দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধ্যায় এসেছিল এটিএম লুঠ করতে। গোপন সূত্রে খবর পেয়ে পৌঁছে গিয়েছিল পুলিশও। তারপর ডাকাত দলের সঙ্গে তুমুল গুলির লড়াই শেষে ২৭ বছর বয়সী এটিএম লুঠের গ্যাংস্টারকে পাকড়াও করল দিল্লি পুলিশ।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটেছে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বসন্ত কুঞ্জে। দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আরশাদ খান। রাজস্থানের আলোয়ারের বাসিন্দা এই ২৭ বছর বয়সী এটিএম লুঠের গ্যাংস্টারকে দীর্ঘদিন ধরেই দিল্লি, গুরুগ্রামে একের পর এক অপরাধ চালাচ্ছিল। শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যায় তাকে ধরতে পারে পুলিশ।
দিল্লি পুলিশের তরফে বলা হয়, এটিএম লুঠের খবর আসতেই ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশের বিশাল টিম। কিন্তু তার আগেই পালানোর চেষ্টা করে ডাকাত দল। একটি টয়োটা সেডান গাড়িতে ছিল আরশাদ ও তার দলবল। পুলিশ কোণঠাসা করার পরই আরশাদ তার টিমের উদ্দেশে নির্দেশ দেয় গুলি চালাতে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। আরশাদের বাঁ পায়ে গুলি লেগেছে।
গুলিতে জখম আরশাদকে ভর্তি করা হয়েছে দিল্লির সফদর জং হাসপাতালে। এ ছাড়াও ওই দলের ওয়াসিম ড্যানি, কালমু এবং ছটকু নামের আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর পুলিশের বক্তব্য, এটিএম লুঠ ছাড়াও ট্রাক ছিনতাই করত এই দল। লকডাউনের মধ্যেও দিল্লি লাগোয়া হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এটিএম লুঠ ও ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের অনুমান তার পিছনে রয়েছে আরশাদের টিমই। ধৃতদের মধ্যে এক জন ইতিমধ্যেই পুলিশের কাছে স্বীকার করেছে, চার দিন আগে দিল্লির এই বসন্ত কুঞ্জেই ইন্ডিয়ান ব্যাঙ্কের এটিএম লুঠ করেছিল তারা।