দ্য ওয়াল ব্যুরো: তিনমাস আগেই পশু চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল তেলেঙ্গানার হায়দরাবাদে। ওই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল সারা দেশে। সেই একই ঘটনা ঘটল এবার ত্রিপুরায়। সদ্য কলেজ পাশ করা তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যটিতে।
জানা গিয়েছে, বছর একুশের ওই তরুণী তাঁর গত বৃহস্পতিবার বিকেলে কিছু কাগজপত্র জেরক্স করতে গেছিলেন স্থানীয় বাজারে। পরিবারের লোকজন জানিয়েছেন, বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। রাত দশটা বেজে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোক স্থানীয় সিধাই থানায় অভিযোগ নিখোঁজ ডায়েরি করেন। এরপর শুক্রবার সকালে রাঙাছড়া গ্রামে বাড়ির কাছে একটি ধানক্ষেত থেকে ওই তরুণীর আধপোড়া নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ।
সিধাই থানার পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন, সৌরভ পাল নামের এক যুবককে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই ধর্ষণ করা হয়েছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
একটি ফোন নিয়ে রহস্য তৈরি হয়েছে এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, এই তরুণীর পরিবার থানায় জানিয়েছে, অনেকক্ষণ বাড়িতে আসছে না দেখে তাঁরা যখন মেয়ের মোবাইলে ফোন করেন, তখন এক যুবক ফোন তোলে। পরিচয় দিতে গিয়ে বলে, তার নাম রিপন দেব। আবার তরুণীর এক বান্ধবী জানায়, ফোনটি রয়েছে সৌরভ পাল নামের এক যুবকের কাছে। পুলিশ ধৃতকে জেরা করে বুঝতে চাইছে, রিপন দেব আর সৌরভ পাল একই ব্যক্তি কিনা। গোটা ঘটনায় তরুণীর বান্ধবীর কী ভূমিকা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।