দ্য ওয়াল ব্যুরো: উনিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ১১ এপ্রিল। ইতিমধ্যেই প্রথম দফার মনোনয়ন জমা দেওয়া ও স্ক্রুটিনির কাজ হয়ে গিয়েছে। আর এই স্ক্রুটিনি করতে গিয়েই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। লোকসভার প্রথম দফার ১২৬৬ প্রার্থীর মধ্যে ২১৬ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা চলছে। এই সংখ্যাটা প্রথম দফার ভোটে দাঁড়ানো প্রার্থীদের প্রায় ১৮ শতাংশ। দ্য ন্যাশনাল ইলেকশন অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস ( এডিআর )-এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
মনোনয়ন জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে হলফনামা দিয়ে জানাতে হয়, তাঁদের বিরুদ্ধে কোনও মামলা চলছে কিনা। প্রার্থীদের করা হলফনামার ভিত্তিতেই এই তথ্য পেয়েছে নির্বাচন কমিশন। কত প্রার্থীর বিরুদ্ধে ঠিক কী ধরণের অভিযোগে মামলা রয়েছে সে তথ্যও উঠে এসেছে এই রিপোর্টে। ২১৬ জন প্রার্থীর মধ্যে ১৪৬ জন প্রার্থীর ( প্রথম দফার মোট প্রার্থীর ১২ শতাংশ ) বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা চলছে। তার মধ্যে ১২ জন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতও হয়েছে।
প্রথম দফার প্রার্থীদের মধ্যে ১০ জন প্রার্থীর বিরুদ্ধে আইপিসি ৩০২ ধারায় খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। ২৫ জন প্রার্থীর বিরুদ্ধে আইপিসি ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। আইপিসি ৩৬৪এ ধারায় অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে চারজন প্রার্থীর বিরুদ্ধে। এই রিপোর্টে জানানো হয়েছে, মহিলাদের উপর অত্যাচার যেমন ধর্ষণ ( আইপিসি ৩৭৬ ধারা ), শ্লীলতাহানি ( আইপিসি ৩৫৪ ধারা ), বৈবাহিক অত্যাচার ( আইপিসি ৪৯৮এ ধারা )-এর অভিযোগ রয়েছে ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে। এছাড়াও ১২ জন প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার জন্য ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।
প্রথম দফার নির্বাচনের মধ্যে কোন দলের কতজন প্রার্থীর নামে ফৌজদারী মামলা রয়েছে, সেটিও উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। বিজেপির ৮৩ জন প্রার্থীর মধ্যে ৩০ জনের ( ৩৬ শতাংশ ) বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে। তার মধ্যে ১৬ জনের ( ১৯ শতাংশ ) বিরুদ্ধে গুরুতর অভিযোগে ফৌজদারী মামলা রয়েছে। এই বিচারে বিজেপির থেকেও এগিয়ে কংগ্রেস। কংগ্রেসের ৮৩ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের ( ৪২ শতাংশ ) বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে। তার মধ্যে ২২ জনের ( ২৭ শতাংশ ) বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা দায়ের হয়েছে। এছাড়াও বসপার ৩২ জন প্রার্থীর মধ্যে ৮ জন ( ২৫ শতাংশ ), তেলুগু দেশম পার্টির ২৫ জন প্রার্থীর মধ্যে ২ জন ( ৮ শতাংশ ) ও টিআরএস পার্টির ১৭ জন প্রার্থীর মধ্যে ১০ ( ৪০ শতাংশ ) জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-kolkata-rajesh-kumar-appointed-as-new-cp-of-kolkata/