দ্য ওয়াল ব্যুরো: ফের অশান্ত পুলওয়ামা। নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে খতম হয়েছে ২ জঙ্গি। শনিবার রাত ২টো নাগাদ পুলওয়ামার পানজাম এলাকায় রাত শুরু হয়েছিল গুলির লড়াই। সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ দল যুক্ত ছিল এই এনকাউন্টার অপারেশনে। সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শেষ হওয়ার পর উদ্ধার হয়েছে দু'জন জঙ্গির দেহ। তবে এই দুই জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি। কেবল পুলওয়ামা নয় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগেও এ দিন সংঘর্ষ হয়েছে নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের মধ্যে।
এর আগে বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে পুলওয়ামাতেই নিহত হয়েছিলেন এক নিরাপত্তারক্ষী। খতম হয়েছিল ৩ জঙ্গিও। গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে আগেই খবর ছিল যে ওই এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই খবর মতোই সার্চ অপারেশন শুরু হলে আচমকাই হামলা করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াইয়ে জখম হয়েছেন আরও দুই জওয়ান। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে নিহত দুই জঙ্গি সম্ভবত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। বৃহস্পতিবারের এনকাউন্টারে গুলির লড়াইয়ের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন উপত্যকার এক সাধারণ নাগরিকও।
গত ১৪ ফেব্রুয়ারি এই পুলওয়ামাতেই সিআরপুএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল জইশ জঙ্গিরা। ফিদাঁয়ে হামলায় নিহত হয়েছিলেন ৪৪ জন জওয়ান। এই নৃশংস হত্যালীলার পর থেকেই বারবার অশান্ত হয়েছে উপত্যকা। একাধিক এনকাউন্টারে জঙ্গিদের নিকেশ হওয়ার পাশাপাশি শহিদ হয়েছে বহু জওয়ানও। আর এই তালমাটাল অবস্থার মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে গোয়েন্দা সংস্থা এএনআই। তারা জানিয়েছে, সম্ভবত লোকসভা নির্বাচনের ফলাফলের দিন অর্থাৎ ২৩ মে উপত্যকায় বড়সড় হামলার ছক কষছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জঙ্গি সংগঠন।
বৃহস্পতিবার সোপিয়ানে খতম হওয়া এক জঙ্গির থেকে উদ্ধার হয়েছে একটি ম্যাপ। যা দেখে এটা স্পষ্ট যে শ্রীনগর এবং অবন্তীপোরায় ভারতীয় বায়ুসেনার এয়ারবেসই জঙ্গিদের মূল টার্গেট। সম্ভবত ফিদাঁয়ে হামলারই ছক কষছে জঙ্গি সংগঠনগুলি। প্রসঙ্গত, ইংরেজি ক্যালেন্ডারের ২৩ মে রমজান মাসের ১৭ তারিখ। এই তারিখ আবার ‘বদরে জঙ্গ’-এর দিন। এএনআই-এর মতে এই দিনটিকেই হামলার জন্য বেছে নিয়েছে জঙ্গি সংগঠনগুলি। তবে নির্দিষ্ট তারিখের আগেও হামলা হতে পারে উপত্যকায়। তেমনটাই আশঙ্কা করছেন গোয়েন্দা সংস্থার কর্তারা।