দ্য ওয়াল ব্যুরো: রাতভর গুলির লড়াইয়ের পর সোপিয়ানে খতম হয়েছে ২ জঙ্গি। যদিও এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই সোপিয়ানের জাইনপোরা এলাকার সুগান গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে নিরাপত্তাবাহিনীর। গোপন সূত্রে, সেনাবাহিনীর কাছে খবর ছিল যে ওই নির্দিষ্ট এলাকায় গা-ঢাকা দিয়েছে বেশ কয়েকজনকে জঙ্গি। সেই সূত্র ধরেই অভিযান শুরু করে সেনাবাহিনী। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। দু'পক্ষের সংঘর্ষে খতম হয়েছে ২ জঙ্গি।
সেনাবাহিনীর তরফে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। বাকি জঙ্গিদের খোঁজে এখনও ওই এলাকায় জারি রয়েছে তল্লাশি অভিযান। চলছে গুলির লড়াইও। স্থানীয়দের অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। লুকিয়ে থাকা জঙ্গিরা যাতে কোনও ভাবেই পালাতে না পারে সেজন্য কড়া নজরদারি রয়েছে ওই এলাকায়। চলছে সেনার টহলদারি। এনকাউন্টারের এলাকার আশেপাশের সীমান্ত লাগোয়া অঞ্চলেও কড়া নজরদারি চালাচ্ছে সেনাবাহিনী, যাতে কিছুতেই জঙ্গিরা পালাতে না পারে। নিহত জঙ্গিদের নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
https://twitter.com/ANI/status/1313655713906843648?s=20
এর আগে গত ৫ অক্টোবর জম্মু- কাশ্মীরে সিআরপিএফ-এর কনভয়ের উপর জঙ্গি হামলা হয়েছিল। এই ঘটনায় শহিদ হয়েছেন ২ জওয়ান। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জওয়ান। জানা যায়, শ্রীনগরের প্রান্তদেশে পাম্পোরে বাইপাসের উপর হয়েছে এই হামলা। জঙ্গি হানার আগে রোড ওপেনিং পার্টি হিসেবে বাইপাসের উপর টহল দিচ্ছিল সিআরপিএফ-এর কনভয়। সেই সময়েই সেনাবাহিনীর উপর অতর্কিতে হামলা করে জঙ্গিরা। এই ঘটনায় অবশ্য এখনও কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। সেনাবাহিনীর তরফে কোনও জঙ্গিকে গ্রেফতার করাও হয়নি।