দ্য ওয়াল ব্যুরো : গত বছর তিরুপতির এই বালাজি মন্দিরেই সাড়ে ১৩ কোটি টাকা দান করেছিলেন তাঁরা। এ বার সেই দানের টাকা বাড়ল। এ বছর তিরুমালার লর্ড ভেঙ্কটেশ্বরের মন্দিরে ১৪ কোটি টাকা দান করলেন আমেরিকা নিবাসী দুই এনআরআই বন্ধু।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁরা নিজেদের নাম সবার সামনে বলতে চাননি। শুক্রবার বালাজি মন্দিরে ভগবান শ্রী বরলক্ষ্মী ব্রতম উৎসবে এই টাকা দান করেন তাঁরা।
মন্দির কমিটির তরফে এই দানের কথা স্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, শুক্রবার নিজেদের পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে পুজো দিতে এসেছিলেন তাঁরা। পুজোর শেষে তিরুমালা তিরুপতি দেবস্থানমস ট্রাস্টের এক আধিকারিক এভি ধর্মা রেড্ডির হাতে ১৪ কোটি টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেন তাঁরা।
তাঁরা দু'হাজার বছর পুরনো এই মন্দিরের ট্রাস্টের কাছে আবেদন করেছেন, এই টাকা যেন বিভিন্ন ধরণের জনসেবামূলক কাজে ব্যবহার করা হয়। গত বছরও দানের পর এই একই আবেদন করেছিলেন তাঁরা। মন্দির কমিটির তরফে সে কথা রাখা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।