দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের রাজভবনে অন্তত ১৮ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। এই খবর আসার পরেই রাজ্যপালকে পাঠানো হয়েছে আইসোলেশনে। হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আরও অনেককে।
জানা গিয়েছে, গতকাল মুম্বইয়ে অবস্থিত রাজভবনের অন্তত ১০০ কর্মীর নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। তার মধ্যে অন্তত ১৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত কর্মীদের মধ্যে কিছু কর্মী আবার রাজ্যপালের ঘনিষ্ঠ বৃত্তে কাজ করেন। এই খবর পাওয়ার পরেই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি নিজেকে আইসোলেশনে রেখেছেন বলে খবর। শুধু তাই নয়, আক্রান্ত কর্মীদের সংস্পর্শে আসা আরও অনেক কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
একই দিনে মুম্বইয়ে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনের শরীরে। ৭৭ বছর বয়সী অভিনেতা ও তাঁর ৪৪ বছর বয়সী ছেলে, দু’জনেই নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ বলেছেন, অভিষেকের উপসর্গ নেই। অমিতাভের শরীরে উপসর্গ খুবই সামান্য। অবশ্য দু’জনেই স্থিতিশীল রয়েছেন। অন্যদিকে আবার অভিনেত্রী রেখার বাংলোর এক কর্মীর সংক্রমণ ধরা পড়তে বাংলোটিকে সিল করে দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮১৩৯ জন। একদিনে এখনও অবধি এই বৃদ্ধি সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল ৮টা পর্যন্ত মারাঠা প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ২,৪৬,৬০০। এখনও পর্যন্ত আক্রান্ত হয়ে মোট ১০,১১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১,৩৬,৯৮৫ জন। অর্থাৎ এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৯,৪৯৯।
সংক্রমণ এভাবে বাড়তে থাকায় ১৩ জুলাই থেকে পুনেতে ১০ দিনের কড়া লকডাউনের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। ১৯ জুলাই পর্যন্ত লকডাউন রয়েছে থানেতেও।
বৃহস্পতিবার মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন জানিয়েছেন, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তেলেঙ্গানা এই আট রাজ্যে দেশের মোট করোনা অ্যাকটিভ কেসের ৯০ শতাংশ রয়েছে। এছাড়া দেশের ৪৯টি জেলাতে মোট অ্যাকটিভ কেসের ৮০ শতাংশ রয়েছে। অর্থাৎ গোটা দেশে সব জায়গায় সংক্রমণ সমান নয়। বেশিরভাগ জায়গাতেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর।