দ্য ওয়াল ব্যুরো: কিছুদিনের মধ্যেই ভারতে কোভিড ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই ভ্যাকসিন এসে গেলে কীভাবে টিকাকরণ হবে তার একটা নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বলা হয়েছে প্রতি সেশনে ১০০ জনকে কোভিড টিকা দেওয়া হতে পারে। অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গা থেকে একবারে ১০০ জনকে টিকা দেওয়া যাবে। খুব বেশি হলে সংখ্যাটা বেড়ে ২০০ হতে পারে। সেটা নির্ভর করছে সেখানকার ক্ষমতার উপর। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে টিকাকরণের দিন ঠিক করতে হবে। ঠিক যেভাবে ভোট প্রক্রিয়া চলে সেভাবেই টিকাকরণের প্রক্রিয়া চলবে বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি একটি নির্দেশিকায় বলা হয়েছে, “আশা করা যাচ্ছে শিগগির কোভিড ভ্যাকসিন চলে আসবে। ইতিমধ্যেই ভারত সরকার সব প্রস্তুতি সেরে রাখছে যাতে ভ্যাকসিন এলেই তা ছড়িয়ে দেওয়া যায়। এই পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হল ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯-এর প্রতিষ্ঠা। এই গ্রুপ ভারতে কোভিড টিকাকরণের দিকে লক্ষ্য রাখবে।”
এই নির্দেশিকাতেই বলা হয়েছে, “এক সেশনে ১০০ জন টিকা পাবে। স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধারা নির্দিষ্ট সেশন থেকে ভ্যাকসিন পাবেন, তবে আরও যে জনসংখ্যার ভ্যাকসিন দরকার তাদের হয়তো অন্য সেশনে বা মোবাইল সেশনে যেতে হতে পারে।”
টিকা দেওয়ার জন্য যে দল থাকবে তাতে ৫ জন সদস্য থাকবেন বলে জানানো হয়েছে। একজন প্রধান আধিকারিক এবং তাঁকে সাহায্য করার জন্য চারজন থাকবেন। প্রধান আধিকারিক একজন ডাক্তার বা নার্স কিংবা ফার্মাসিস্ট বা ওই যোগ্যতার কেউ থাকবেন। দ্বিতীয় আধিকারিক একজন সিকিউরিটি অফিসার থাকবেন। তিনি রেজিস্ট্রেশন নম্বর থেকে ভিতরে ঢোকার অনুমতি দেবেন। তৃতীয় আধিকারিক কাগজপত্র খতিয়ে দেখবেন। বাকি দুই আধিকারিক ভিড় সামলানোর কাজ করবেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা ১১২ পাতার এই নির্দেশিকায় জানানো হয়েছে, কীভাবে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, কীভাবে ভ্যাকসিন সংরক্ষণ করে রাখা হবে প্রভৃতি।
ভ্যাকসিন সংরক্ষণের জন্য ইতিমধ্যেই দুটি ফেসিলিটি তৈরির প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। এই ফেসিলিটিতে ২ থেকে ৮ ডিগ্রির মধ্যে ভ্যাকসিন সংরক্ষণ করে রাখা যেতে পারে। নীতি আয়োগের সদস্য ভি কে পলের পরামর্শেই এই ফেসিলিটি তৈরি হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।