দ্য ওয়াল ব্যুরো: জম্মু কাশ্মীরে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাইকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনার পরে ওই বিজেপি নেতা ও তাঁর পরিবারের নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ পুলিশকর্মীকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ঘটনার পরেই শুরু হয়েছে তদন্ত। জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানিয়েছেন, এই ঘটনার পিছনে রয়েছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদ। জঙ্গিদের শনাক্ত করা হয়েছে। তাদের খোঁজ শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার দায় নিয়েছে স্থানীয় এক জঙ্গিগোষ্ঠী দ্য রেসিস্টান্স ফ্রন্ট। এই ফ্রন্ট নতুন তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, জইশ ই মহম্মদ, লস্কর ই তইবা ও হিজবুল মুজাহিদিনের জঙ্গিদের নিয়েই এই ফ্রন্ট তৈরি হয়েছে।
বুধবার রাতে জম্মু-কাশ্মীরের বন্দিপোড় জেলায় নিজেদের বাড়িতে শেখ ওয়াসিম বারি, তাঁর বাবা বশির আহমেদ ও ভাই উমের বশিরকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তাঁরা বহুদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের নিরাপত্তার জন্য ১০জন পুলিশকর্মী মোতায়েন ছিল। কিন্তু জঙ্গিদের হামলা চালানোর সময় তারা কেউ সেখানে ছিল না বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ওয়াসিমের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। সেই সময় বাড়ির নীচে দোকানে বসেছিলেন ওয়াসিম, তাঁর বাবা ও ভাই। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাইকে করে এসে এক জঙ্গি কাছ থেকে তাঁদের গুলি করে। স্থানীয় থানা থেকে খুব বেশি হলে ১০ মিটার দূরে খুন করা হয় তিনজনকে। প্রত্যেকের মাথায় গুলি মেরে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। সাইলেন্সার লাগানো বন্দুক ব্যবহার করেছিল জঙ্গিরা। তাই গুলির শব্দ শোনা যায়নি বলেই জানিয়েছেন স্থানীয় থানার আধিকারিকরা।
এই ঘটনার পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা জানিয়েছেন, ঘটনার সময় বাড়ির দোতলায় তাঁরা ছিলেন। তাই বুঝতে পারেননি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, ওই পুলিশকর্মীরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ঘটনার সময় কেউ কেন ওই নেতার দোকানের বাইরে ছিলেন না, সেটাই সন্দেহ তৈরি করেছে। তাই কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনার পরে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওই নেতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডাও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ওই নেতার বলিদান ব্যর্থ হবে না। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও টুইট করে এই ঘটনার চরম নিন্দা করেছেন।