
শেষ আপডেট: 30 June 2020 11:48
এদিন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের শুরুর দৃশ্যটা ছিল এই রকম—সম্প্রচার যখন শুরু হল তখন দেখা গেল প্রধানমন্ত্রীর ঠোঁটের ঠিক নীচ দিয়ে জড়ানো রয়েছে একটি উত্তরীয়। ঘিয়ে রঙের উপর গাঢ় নীল দিয়ে কাজ করা। নমস্কার বলার পরই একটু থামেন প্রধানমন্ত্রী। মুখে জড়ানো উত্তরীয় সরিয়ে নেন। তারপরই দেখা যায় তাঁর দাড়ি-গোঁফ অবিন্যস্ত।
তাঁর মতো ফ্যাশন স্টেটমেন্ট এর আগে ভারতের কোনও প্রধানমন্ত্রীরই দেখা যায়নি। সারা বছর তাঁর দুধ সাদা দাড়ি-গোঁফ থাকে সমান করে ছাঁটা। দেখলেই বোঝা যায়, নিয়ম করে ট্রিম করান প্রধানমন্ত্রী। কিন্তু এদিন বোঝা গেল, সেলুনের তালা খুললেও সাবধানতা বজায় রাখতে নাপিতকে তাঁর মাথায় বা গালে কাঁচি চালাতে দেননি মোদী।
থুঁতনির নীচের অংশের দাড়ি বেশ ঘন, গোঁফটাও বাড়তে বাড়তে দুপাশে পাকানো আকৃতি নিয়েছে। অনেকে মজা করে বলছেন, শিখর ধাওয়ানের বয়স হলে তাঁর গোঁফ খানিকটা এইরকম দেখতে হবে।
এমনিতে কোভিড পর্বে অনেকেই সেলুনে যেতে ভয় পাচ্ছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও চুল দেখে বোঝা যাচ্ছে দীর্ঘদিন পেশাদার নাপিতের হাত পড়েনি। তাছাড়া বিরাট কোহলি, শ্চীন তেন্ডুলকরদের দেখা গিয়েছে বাড়িতে নিজেরাই নিজেদের চুল কেটেছেন ট্রিমার দিয়ে। শচীন তো আবার নিজের ছেলের চুলও কেটে দিয়েছেন এই সময়ে। তবে অনেকে রসিকতা করে বলছেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে আত্মনির্ভর হওয়ার সাহস দেখাননি।
দেশের মাটিতে কুর্তা-চোস্তা পরলেও বিদেশ সফরে বিভিন্ন পোশাকে দেখা গিয়েছে মোদীকে। কিন্তু সব ছবিতেই তাঁর চুল দাড়ি ছিল একেবারে পরিপাটি। অনেকে বলেন, এটা তাঁর আজকের অভ্যেস নয়। সঙ্ঘের সক্রিয় সেবক থাকার সময় থেকেই এ ব্যাপারে তিনি অত্যন্ত যত্নবান। কিন্তু লকডাউন পর্ব যেমন অনেক কিছুই এলমেল করে দিয়েছে। তেমন প্রধানমন্ত্রীর সিগনেচার দাড়ি-গোঁফও।