শেষ আপডেট: 3 June 2020 13:00
ইতিমধ্যে মুম্বইয়ের আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে। আবহবিদদের অনুমান হয়তো সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গের সেই তাণ্ডব দেখতে হয়নি মুম্বইকে। কিন্তু তাতেও ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্ট। পুণে, রায়গড় এবং পালঘর জেলায় ঝড়ের দাপটে অসংখ্য গাছ উপড়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় উপড়েছে বিদ্যুতের খুঁটি। অনেক অংশে ব্যাহত হয়েছে ইন্টারনেট পরিষেবা। ঝড়ের দাপটে উঁচু ঢেউয়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মহারাষ্ট্রের উপকূলীয় জেলা রায়গড়ে। কিছু নিম্ন এলাকায় বৃষ্টির জেরে জলও জমেছে বলে খবর।
ঘূর্ণিঝড় নিসর্গ শিথিল হলে মুম্বই-সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছিল আইএমডি। এই তুমুল বৃষ্টির জেরে মুম্বই জলবন্দি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনিতেই প্রতিবার বর্ষায় নাগাড়ে বৃষ্টির জেরে জল জমে কার্যত থমকে যায় বাণিজ্যনগরী। নিসর্গের পরেও তেমন অবস্থা হতে পারে বলে আশঙ্কায় রয়েছেন বাসিন্দারা।
https://twitter.com/ANI/status/1268150116797435904?s=19
আজ ৩ জুন বুধবার দুপুর ১২টা ৩০মিনিট থেকে ২টো ৩০মিনিটের মধ্যে মহারাষ্ট্র উপকূল দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। হাওয়ার গতিবেগ ছিল ১০০ থেকে ১২০ কিলোমিটারের মধ্যে। মুম্বইয়ের উপকূলে আলিবাগের কাছে ল্যান্ডফল হয় নিসর্গ-র।
https://twitter.com/ANI/status/1268151041813446656?s=19
আগামী ৩ ঘণ্টায় ঘূর্ণিঝড় নিসর্গ শক্তি হারিয়ে একেবারেই দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি আবহবিদরা জানিয়েছে, আলিবাগের দক্ষিণে ল্যান্ডফল হওয়ার ফলেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছে মুম্বই।