দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাজাবাজারের নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছিল। পুড়ে ছাই হয়ে যায় কয়েকটি ঝুপড়ি ঘর। আজ, মঙ্গলবার সকালে ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এবারের ঘটনাস্থল গুরুসদয় রোড। একটি কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়েছে সংলগ্ন বস্তি এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে কড়েয়া থানার কাছে গুরুসদয় দত্ত রোডের একটি যন্ত্রাংশ তৈরির কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। ঘিঞ্জি এলাকা হওয়ায়, আগুন দ্রুত ছড়াতে থাকে কারখানা লাগোয়া বস্তি এলাকাতে। প্রচুর দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে থাকায় আগুন ভয়াবহ চেহারা নেয়। ঝুপড়ি ঘরগুলো পুড়তে শুরু করে।
আতঙ্কে চেঁচামেচি শুরু হয়ে যায়। ছুটোছুটি করতে শুরু করেন লোকজন। কোনও রকমে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন বস্তিবাসীরা। প্রথমে তাঁরা নিজেরাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করায় খবর দেওয়া হয় দমকলে। হতাহতের এখনও কোনও খবর মেলেনি। তবে বস্তির ৮-১০টি ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর।
ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। এদিকে দমকল দেরিতে আসার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার লোকজন।
আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এলাকার লোকজনের অভিযোগ, ওই বস্তিতে ঝুপড়ি তুলে প্রোমোটারি করার কথা চলছিল। তবে জমি ছাড়তে রাজি হননি ঝুপড়ির বাসিন্দারা। সেই নিয়ে মামলাও চলছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে শহরে। বাগবাজার মহিলা কলেজের কাছে বস্তিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পরে নিউটাউনের বস্তিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বহু ঝুপড়ি ঘর। গতকাল রাজাবাজারের নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন লাগে। রাজাবাজারের ক্যানেল ইস্ট রোডের নারকেলডাঙার বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু ঝুপড়ি ঘর। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন অনেকে।
এর আগে বাগবাজার মহিলা কলেজের কাছে হাজার হাত বস্তিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক ঝুপড়ি। বস্তির ভিতরে একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটায় ও অনেক দাহ্য বস্তু থাকায় আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়ঙ্কর ওই অগ্নিকাণ্ডে আশ্রয় হারিয়েছেন বহু মানুষ। আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে মায়ের বাড়ির পিছনের অংশে উদ্বোধনী কার্যালয়েতেও আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে লাইব্রেরি ও অনেকগুলি কম্পিউটারও পুড়ে গিয়েছে বলে জানা গেছে।