দ্য ওয়াল ব্যুরো: পাঁচতারা হোটেলের ঘরের বাইরে লাগানো ছিল 'ডু নট ডিস্টার্ব'-এর বোর্ড। এদিকে তখন ঘরের ভিতর আত্মহত্যা করেছেন বছর চব্বিশের এক তরুণ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম করণ চন্দ্র। তিনি দিল্লির মালব্য নগরের বাসিন্দা। এই ঘটনাও ঘটেছে দিল্লিরই এক পাঁচতারা হোটেলে।
পুলিশ জানিয়েছে, ওই হোটেলের থেকেই তাদের কাছে প্রথম ফোন যায়। বলা হয় একটি ঘরের ভিতর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। বারবার দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়াশব্দ মিলছে না। এরপরেই ওই হোটেলে আসে পুলিশ। কর্মীদের সাহায্যে ভাঙা হয় দরজা। এরপরেই হোটেলের ঘরের বিছানার উপর থেকে উদ্ধার হয় করণের নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, দেহের আশেপাশে ছড়ানো ছিল বেশ কিছু ওষুধের স্ট্রিপ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।
তদন্ত শুরু হতেই পুলিশ জানতে পেরেছে গত ১৯ জানুয়ারি থেকে এই পাঁচতারা হোটেলে ছিলেন যুবক। ২০ জানুয়ারি নিজের ঘরের বাইরে 'ডু নট ডিস্টার্ব'-এর বোর্ড লাগিয়ে দেন তিনি। যেদিন করণের হোটেল ছেড়ে দেওয়ার কথা ছিল সেদিন বারবার রিসেপশন থেকে ফোন করা হয় তাঁকে। তবে সাড়া মেলেনি। এরপরে করণের ঘরের দরজায় গিয়েও বারবার ডাকডাকি করেন হোটেলের কর্মীরা। তবে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি ভিতর থেকে।
এরপর হোটেলের তরফে খবর দেওয়া হয় পুলিশে। তারা এসে উদ্ধার করে যুবকের দেহ। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে এই দেহ। রিপোর্ট হাতে পেলে করণের মৃত্যুর কারণ স্পষ্ট হবে। কেন এই যুবক আত্মহত্যা করলেন তা জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। যুবকের পরিবারের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে বলে খবর। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের কর্মীদেরও।