দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন এক ব্যক্তি। তাও আবার যে সে লোকের নয়। একেবারে পতঞ্জলি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণের। তবে এখানেই শেষ নয়। ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে বিভিন্ন আপত্তিকর এবং হিংসাত্মক আলোচনাতেও জড়িয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। রবিবার নয়ডা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নয়ডার সেক্টর ১০-এর একটি গাড়ির শোরুম থেকে রবিবার সকালে মহম্মদ জিশান নামের বছর ৩০-এর ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সাহারানপুরের চিলকানার বাসিন্দা এই জিশান। বৈদিক ব্রডকাস্টিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ প্রমোদ যোশী চলতি মাসের ৪ তারিখ সেক্টর ২০-র থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন। পতঞ্জলি আয়ুর্বেদের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ আবার বৈদিক ব্রডকাস্টিং লিমিটেডের সঙ্গেও যুক্ত।
অভিযোগ দায়ের করে প্রমোদ যোশী লিখেছিলেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচার্য বালকৃষ্ণের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। এবং সেখান থেকে বালকৃষ্ণের ফলোয়ারদের সঙ্গে নানা হিংসাত্মক এবং আপত্তিজনক কথাবার্তাও বলছেন ওই ব্যক্তি। নয়ডার সেক্টর ২০-র থানার পুলিশ অফিসার মনীশ কুমার সাক্সেনা জানিয়েছেন, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই সাইবার টিম জিশানকে ট্র্যাক করছিল। রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের বিভিন্ন ধারায় প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে মহম্মদ জিশানের বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের একটি স্মার্টফোন এবং দু'টি সিমকার্ড।