দ্য ওয়াল ব্যুরো: শিবসেনার সঙ্গে তিন দশকের সম্পর্ক তাদের ভেঙেছে। তবে সেই শিবসেনার প্রধান বালাসাহেব ঠাকরের মৃত্যুদিনে তাঁকে স্মরণ করে প্রথম টুইটটি করলেন মহারাষ্ট্রের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। একটি ভিডিও তিনি টুইট করেছেন। সেই ভিডিওয় বালাসাহেব ঠাকরেকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে, যাঁদের মধ্যে রয়েছেন লালকৃষ্ণ আডবাণীও।
https://twitter.com/Dev_Fadnavis/status/1195907752327073792
তবে বিজেপি টুইট করার আধ ঘণ্টা আগে টুইট করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতি শরদ পওয়ার। মহারাষ্ট্রে যে শিবসেনার নেতৃত্বে সরকার তৈরি হতে চলেছে তার প্রধান কারিগর হলেন পওয়ার।
https://twitter.com/PawarSpeaks/status/1195900939850272769
প্রথমে শরদ পওয়ার, তারপরে দেবেন্দ্র ফড়ণবীশ। ফড়ণবীশের ঠিক পরেই টুইট করে দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরেকে শ্রদ্ধা জানায় শিবসেনা।
https://twitter.com/ShivSena/status/1195916433751805952
শিবসেনার প্রধান এখন বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব। এই পরিবার আগে কোনও দিন সংসদীয় রাজনীতিতে প্রতিনিধিত্ব করেনি, তবে এই প্রথম সেই রীতি ভেঙে নির্বাচনে লড়ে জিতেছেন উদ্ধবের ছেলে আদিত্য। মুখ্যমন্ত্রী হিসাবে শিবসেনা প্রথমে তাঁকেই তুলে ধরতে চেয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী হতে পারেন উদ্ধব।
বিধানসভা নির্বাচনের ফল বার হওয়া থেকেই মহারাষ্ট্রে রাজনৈতিক টানাপোড়েন চলছে। তবে প্রায় এক মাসের সেই টানাপোড়েন শেষে যখন মহারাষ্ট্রে নতুন রাজনৈতিক সমীকরণে সরকারি মোহর পড়া কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল, তখন বালাসাহেবকে নিয়ে সৌজন্য দেখাতে ভুল করল না বিজেপি।
মহারাষ্ট্রে নির্বাচনের পরে সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয় বিজেপি ও শিবসেনার মধ্যে। ২৮৮ আসনের বিধানসভায় বিজেপি পায় ১০৫টি ও শিবসেনা ৫৬টি আসন। কিন্তু শিবসেনা অর্ধেক মেয়াদ মুখ্যমন্ত্রিত্ব দাবি করে, সঙ্গে মন্ত্রিসভার অর্ধেক আসন। ৫০:৫০ সমঝোতার কথা শোনা যায় তাদের মুখে, যদিও বিজেপি জানিয়ে দেয়, কোনও দিনই এমন কোনও রফা তাদের মধ্যে হয়নি।
ফল বার হওয়ার পরে মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য আবেদন করেনি কোনও দলই। এই অবস্থায় বৃহত্তম দল হিসাবে সরকার গড়ার জন্য বিজেপিকে আহ্বান করেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। বিজেপি সরকার গড়তে রাজি না হওয়ায় একে একে শিবসেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে (এনসিপি) ডাকেন রাজ্যপাল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা সরকার গড়তে না পারায় মহারাষ্ট্রে জারি হয় রাষ্ট্রপতিশাসন>