দ্য ওয়াল ব্যুরো: বিমানের মধ্যেই সাংবাদিক অর্ণব গোস্বামীকে নিয়ে নানারকমের মন্তব্য করেছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। সেই মন্তব্যের জেরেই কুণালকে ৬ মাসের ব্যান করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। এবার ইন্ডিগোকেই আইনি নোটিস পাঠিয়েছেন কুণাল। নিঃশর্ত ক্ষমার পাশাপাশি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন কুণাল। শুক্রবার ইন্ডিগোর সিইও রণজয় দত্তকে এই আইনি চিঠি পাঠিয়েছেন কুয়াণালের আইনজীবী প্রশান্ত শিবরাজন। কুণালের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন কুণালের আইনজীবী।
ওই আইনি চিঠিতে লেখা হয়েছে, ইন্ডিগো কর্তৃপক্ষ যেন কুণালকে ক্ষতিপূরণ দেয়। স্ট্যান্ড আপ কমেডিয়ানের আইনজীবী শিবরাজনের কথায়, তাঁর মক্কেলকে ইন্ডিগোর এই ৬ মাসের নিষিদ্ধিকরণের সিদ্ধান্তে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মানসিক যন্ত্রণার পাশাপাশি দেশ-বিদেশের নানা শো বাতিল হওয়ার হতাশাও রয়েছে। কারণ ইন্ডিগোতে আগামী ৬ মাস সফর করতে পারবেন না কুণাল। এর জেরে বাতিল হয়েছে কুণাল কামরার অনেক শো। যদিও এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ইন্ডিগো কর্তৃপক্ষ। এদিকে ইন্ডিগো কর্তৃপক্ষকে এক সপ্তাহের মধ্যে নিজের দশ পাতার আইনি নোটিসের জবাব দিতে বলেছেন কুণাল কামরা।
গত মঙ্গলবার ইন্ডিগোর একই বিমানে সফর করছিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। সেখানেই অর্ণবের প্রতি কুণালের মন্তব্যের জেরে তাঁকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে ইন্ডিগো। নিষিদ্ধকরণের এই তালিকায় রয়েছে স্পাইসজেট, গো-এয়ার এবং এয়ার ইন্ডিয়াও। যদিও এই নিষিদ্ধকরণের প্রতিবাদ জানিয়েছেন সেদিনের মুম্বই-লখনউ বিমানের (ইন্ডিগো) পাইলট।