দ্য ওয়াল ব্যুরো: একেই বলে কপাল! আবু ধাবিতে লটারির টিকিট কেটে ভারতীয় মুদ্রায় ২৪ কোটি টাকা জিতলেন কেরলের এক যুবক।
গত ১৫ মে সকালবেলার ঘটনা। কর্মসূত্রে আবু ধাবিতে থাকা কেরলের কোঝিকোড়ের যুবক আসাইন মহম্মদের ফোন বেজে ওঠে। ফোন ধরার পর ও প্রান্ত থেকে তাঁকে বলা হয়, ২৪ কোটি টাকার জ্যাকপট জিতেছেন তিনি। সংবাদমাধ্যমকে আসাইন বলেছেন, "খবরটা শোনার পর আনন্দে আত্মহারা হয়ে ফোন কেটে দিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই মনে হয়, কেউ বোধহয় জালিয়াতি করার জন্য এই ফোন করেছে।"
কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ভুল ভাঙে অসাইনের। তিনি জানান, দুবাইয়ের স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যমে তাঁর লটারি জেতার খবর প্রকাশ হয়। তারপর তিনি নিশ্চিত হন।
আবু ধাবির একটি বেকারিতে সেলস বিভাগের কর্মচারী কোঝিকোড়ের এই যুবক। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, "এর আগে তিনবার বন্ধুদের থেকে ধার নিয়ে টিকিট কেটেছিলাম। ভাগ্য ফেরাতে ভেবেছিলাম যদি একবার লটারি জেতা যায় তাহলে সবটা বদলে যাবে।" তবে এবারের টিকিট যে নিজের পয়সাতেই কেটেছিলেন তাও বলেন আসাইন।
স্ত্রী শরিফা ও দুই মেয়ে সানা ফতিমা এবং আলা ফতিমাকে নিয়ে সংসার তাঁর। তিনি বলেন, "আমার সেই অর্থে কোনও জমানো টাকা নেই। তাই মেয়েদের ভবিষ্যৎ, পড়াশুনা ইত্যাদি নিয়ে সবসময়েই চিন্তায় থাকতাম। কিন্তু এবার বোধহয় সময় বদলাতে চলেছে।"
তিনি দীর্ঘদিন স্ট্রাগল করছেন বলে জানিয়েছেন। তাই দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে বিভুঁইয়ে গিয়ে রয়েছেন আড়াই দশকের বেশি সময় ধরে। তিনি বলেছেন, যাঁরা স্ট্রাগল করছেন এই টাকার একটি অংশ দিয়ে তাঁদের পাশেও দাঁড়াতে চান।
তবে প্রাথমিক ভাবে একটা ভাল থাকার জায়গা ও মেয়েদের পড়াশুনা যাতে ঠিকমতো হয় তার বন্দোবস্ত করবেন বলে সংবাদমাধ্যমকে বলেছেন হঠাৎ কোটিপতি বনে যাওয়া কেরলের যুবক। আবুধাবির ড্রিম লাক্সারি কেয়ার যেন তাঁর স্বপ্ন সত্যি করে দিয়েছে।