দ্য ওয়াল ব্যুরো: মাত্র দেড় হাজার টাকার জন্য শহর কলকাতায় খুন হয়েছেন এক মধ্যবয়সী মহিলা। পুলিশ সূত্রে খবর, গলা কেটে খুন করা হয়েছে মহিলাকে।
গভীর রাতে কলকাতায় উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। গতকাল অর্থাৎ রবিবার রাতে তিলজলার কাছে একটি বহুতলের পাঁচতলা থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম নাজনি বেগম (৩৭)। পুলিশ জানিয়েছে, মহিলার গলায় ধারালো অস্ত্রের কোপ ছিল। অনুমান, ধারালো ছুরি জাতীয় কোনও অস্ত্র দিয়ে গলা কেটে ওই মহিলাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। তিলজলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
পুলিশ সূত্রে খবর, গতকাল নাজনি বেগমের ছেলে মায়ের সঙ্গে দেখা করতে তিলজলার ওই বাড়িতে এসেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও দরজা খোলেননি নাজনি। ফোন করলেও ফোন তোলেননি তিনি। এরপরেই সন্দেহ হয় মহিলার ছেলে মহম্মদ আজহারউদ্দিনের। প্রতিবেশীদের খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় তিলজলা থানাতেও খবর দেন যুবক। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। কয়েকবার ডাকডাকির পর সাড়া না পেয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢোকে পুলিশ। মেঝেতেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল নাজনি বেগমের নিথর দেহ। তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর থেকে সেলিম নামের এক ব্যক্তির সঙ্গে থাকতেন নাজনি বেগম। গতকাল নাজনির দেহ উদ্ধারের পর সেলিমের খোঁজ করে পুলিশ। প্রাথমিক ভাবে তার হদিশ না মেলায় পুলিশের সন্দেহ হয় সম্ভবত নাজনি বেগমের খুনের সঙ্গে জড়িত রয়েছে সেলিম। এরপর গতকাল রাতেই রাজাবাজার এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করে পুলিশ। তাদের দাবি, জেরায় নিজের অপরাধ কবুল করেছে সেলিম।
পুলিশের দাবি, জেরায় সেলিম জানিয়েছে যে গতকাল নাজনির সঙ্গে দেখা করতে গিয়েছিল সে। এমনকি নাজনির কাছে দেড় হাজার টাকাও চেয়েছিল সে। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন নাজনি বেগম। তখন তাঁর পরনের সোনার নাকছাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেলিম। এই নিয়ে দু'জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। মুহূর্তেই অশান্তির পারদ চরমে ওঠে। কথা কাটাকাটি পৌঁছে জায় হাতাহাতিতে। অভিযোগ, সেই সময়েই ঘরে থাকা সবজি কাটার ছুরি দিয়ে নাজনি বেগমের গলায় কোপ বসায় সেলিম। ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। নাজনির এ হেন অবস্থায় তাঁকে ঘরে ফেলে দরজায় তালা লাগিয়ে চম্পট দেয় সেলিম।
জানা গিয়েছে, গতকাল রাতে গ্রেফতারের পর সেলিমের কাছ থেকে নাজনির মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, আজ সোমবার অভিযুক্ত সেলিমকে আদালতে পেশ করবে তিলজলা থানার পুলিশ।