দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভরদুপুরে কলকাতায় ফ্ল্যাট থেকে চুরি হয়ে গেল দু'মাসের এক শিশু। মাকে মারধর করে দু'মাসের শিশুকে নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতী।
জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে বেলেঘাটার এক আবাসনে। এদিন দুপুরে দোতলার ফ্ল্যাটে কলিং বেল বাজিয়ে হানা দেয় এক অজ্ঞাতপরচয় দুষ্কৃতী। দরজা খুলে দেন গৃহকর্ত্রী। আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয় মহিলাকে। সেসময় পাশের ঘরেই ঘুম পাড়ানো ছিল দু'মাসের এক শিশু। বাচ্চাটির মাকে মারধর করে শিশুকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় আবাসনের গেটে ছিলেন না নিরাপত্তারক্ষী। পাশেই একটি ওষুধের দোকানে গিয়েছিলেন তিনি। সেই সময়েই ফাঁক পেয়ে আবাসন চত্বরে ঢুকে পড়ে ওই দুষ্কৃতী। সটান উঠে যায় দোতলায়। কলিং বেল বাজানোয় শিশুটির মা দরজা খুলতেই শুরু হয় মারধর। তারপরেই ঘটে এই কাণ্ড। কাকতালীয় ভাবে ঘটনার সময় ফ্ল্যাটের পরিচারিকাও গিয়েছিলেন ছাদে। জানা গিয়েছে, জামাকাপড় মেলতে গিয়েছিলেন তিনি।
বাচ্চাটির মায়ের চিৎকারে চেঁচামেচিতে ছুটে আসেন আশেপাশের ফ্ল্যাটের লোকেরা। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, দরজা খোলার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে বলেছিল বাড়ির পরিচারিকা ছাদের চাবি চাইছে। এরপরেই শুরু হয় মারধর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ। দিনেদুপুরে এভাবে ফ্ল্যাট থেকে শিশু চুরি হওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন বাকি বাসিন্দারা।
প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ এই ঘটনায় বাড়ির পরিচিতই কেউ জড়িত রয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির পরিচারিকা এবং ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীকে। ঘটনার সময় তাঁদের না থাকা নিছক কাকতালীয় নাকি শিশু অপহরণের ছকের মধ্যে এটা একটা অংশ ছিল সেটা খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। পরিবারের তরফে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। বা কারও প্রতি তাদের সন্দেহ রয়েছে এমনটাও জানায়নি ওই শিশুর পরিবার। খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ।