
শেষ আপডেট: 26 September 2018 03:36
বনধ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে পরিবহণ মন্ত্রী বলেন, “বনধ ব্যর্থ। বনধের কোনও প্রভাব পরিবহণের ক্ষেত্রে পড়েনি। কলকাতায় অন্য দিনের মধ্যে বাস, ট্রাম, স্কুল বাস, পুল কার চলছে। কোনও অশান্তি নেই।” তবে কলকাতার বাইরে বিক্ষিপ্ত ভাবে কিছু ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্ত্রী নিজেই। তাঁর কথায়, “আমাদের ৮টি বাস ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গে ৬ টি সরকারি বাস ভাঙা হয়েছে। দক্ষিণবঙ্গে ১ টি ও হাওড়ায় ১ টি বাস ভাঙা হয়েছে।”
তবে মন্ত্রী এই দাবি করলেও একটা ব্যাপার ঠিক যে কলকাতার রাস্তায় অন্য দিনের তুলনায় বুধবার সকাল থেকে লোকজন ছিল কম। তার একটা কারণ হতে পারে লাগোয়া শহরতলিগুলিতে দফায় দফায় রেল অবরোধ। ফলে হাওড়া, শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে নিত্যদিন সকালে যে বিপুল সংখ্যায় যাত্রী বাস, ট্যাক্সি ধরেন, সেই ছবিটা সকাল পৌনে ৯ টা পর্যন্ত ছিল না। ফলে বাস চললেও বহু রুটে যাত্রী সংখ্যা ছিল কম। ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করলে তা বাড়বে বলেই মনে করছেন পরিবহণ দফতরের কর্তারা।