বাসে উঠতে গিয়ে পড়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, আটক চালক
দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক মাস পরেই মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল প্রগতি ময়দান থানা এলাকার আড়ুপোতার বাসিন্দা সুজয় মণ্ডলের। কিন্তু পরীক্ষা দেওয়া হয়ে উঠল না চৌবাগা হাইস্কুলের এই ছাত্রর। দুর্ঘটনায় প্রাণ গেল সুজয়ের।
পুলিশ সূত্রে খবর, রবিবার বিক
শেষ আপডেট: 30 December 2019 06:57
দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক মাস পরেই মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল প্রগতি ময়দান থানা এলাকার আড়ুপোতার বাসিন্দা সুজয় মণ্ডলের। কিন্তু পরীক্ষা দেওয়া হয়ে উঠল না চৌবাগা হাইস্কুলের এই ছাত্রর। দুর্ঘটনায় প্রাণ গেল সুজয়ের।
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল সুজয়। উত্তর পঞ্চান্ন গ্রাম যাওয়ার কথা ছিল তার। বাসন্তী এক্সপ্রেসওয়ের উপর আড়ুপোতা বাস স্টপ থেকে ২১৩ রুটের একটি বেসরকারি বাসে উঠতে যায় সুজয়। সেই সময় নাকি পা পিছলে মাটিতে পড়ে যায় সুজয়। বাসের পিছনের চাকা তার কোমরের উপর দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানেই রবিবার গভীর রাতে মৃত্যু হয় তার।
দুর্ঘটনার সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি জানিয়েছেন, সুজয় বাসে ওঠার আগেই বাসটি চলতে শুরু করে দেয়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় সুজয়। তখনও চালক বুঝতে পারেনি। তার কোমরের উপর দিয়েই চলে যায় বাস। ঘাতক বাস ও তার ড্রাইভারকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

গত তিন মাসে এই ধরনের দুর্ঘটনা অনেক ঘটেছে শহরে। কখনও দুটো বাসের রেষারেষিতে হাত কাটা গিয়েছে, কখনও বা গিয়েছে প্রাণ। বারবার এই বিষয়ে ড্রাইভারদের সতর্ক করার পরেও টনক নড়েনি। গত সপ্তাহেই দুর্ঘটনার পরিসংখ্যান দেখিয়ে ট্রাফিক পুলিশকে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন নগরপাল।
এক পুলিশকর্মী জানিয়েছেন, এই ধরনের ঘটনায় ড্রাইভার ও কনডাক্টরের গাফিলতি থাকে বেশি। অন্য বাসের থেকে বেশি যাত্রী তোলার তাড়াহুড়োয় ঠিকমতো লোক ওঠার আগেই বাস চালাতে শুরু করে তারা। এই নিয়ে আগে অনেকবার প্রশিক্ষণ শিবির করা হয়েছে। নির্দিষ্ট স্টপেজে থামা, সবাই বাসে উঠেছে কিনা দেখে তবেই বাস চালানো, এইসব বিষয়ে জানানো হয়েছে তাদের। তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। বোঝা যাচ্ছে, গাফিলতি রয়েই গেছে।