ফের অমানবিকতার নজির, ভরা রাস্তায় থ্যালাসেমিয়া আক্রান্ত যুবককে মার ট্যাক্সিচালকের
দ্য ওয়াল ব্যুরো : শহর কলকাতায় কি অমানবিকতা দিনদিন বাড়ছে? দিনের আলোয় এক থ্যালাসেমিয়া আক্রান্ত যুবককে মারধরের অভিযোগ উঠলো এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে। সোমবার যোধপুর পার্কের এক ব্লাড ব্যাঙ্কের সামনে এক ট্যাক্সিচালকের হাতে আক্রান্ত হন ওই যুবক। ত
শেষ আপডেট: 4 March 2019 16:25
দ্য ওয়াল ব্যুরো : শহর কলকাতায় কি অমানবিকতা দিনদিন বাড়ছে? দিনের আলোয় এক থ্যালাসেমিয়া আক্রান্ত যুবককে মারধরের অভিযোগ উঠলো এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে। সোমবার যোধপুর পার্কের এক ব্লাড ব্যাঙ্কের সামনে এক ট্যাক্সিচালকের হাতে আক্রান্ত হন ওই যুবক। তাঁকে মার খেতে দেখেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ করেছেন ওই যুবক।
পুষ্পেন্দু বিকাশ আচার্য নামের ওই যুবক জানিয়েছেন, তিনি থালাসেমিয়ায় আক্রান্ত। সোমবার সকালে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্কে তিনি গিয়েছিলেন রক্তের জন্য। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ব্লাড ব্যাঙ্কের উদ্দেশে একটি হলুদ ট্যাক্সি ধরেন তিনি। পুষ্পেন্দুর অভিযোগ, ট্যাক্সি থেকে নামার সময় শুরু হয় সমস্যা। মিটার অনুযায়ী ট্যাক্সিতে ভাড়া হয়েছিল ৪০ টাকার কিছু বেশি। কিন্তু ট্যাক্সিচালক তাঁর কাছে ৫০ টাকা চান। ৫০ টাকা দিতে রাজি হননি পুষ্পেন্দু।
তিনি অভিযোগ করেছেন, প্রথমে ট্যাক্সিচালক তাঁকে গালিগালাজ শুরু করেন। তারপরেও ৫০ টাকা দিতে রাজি না হওয়ায় তাঁর উপর চড়াও হন ওই ট্যাক্সিচালক। তিনি পুষ্পেন্দুকে ধাক্কা মারেন। এমনকী তাঁর চশমাও খুলে নেন বলে অভিযোগ। বাধ্য হয়ে ৫০ টাকা দিয়েই চশমা ফেরত নিতে হয় তাঁকে।
পুষ্পেন্দুর অভিযোগ, তাঁকে যখন মারধর করা হচ্ছে, তখন কাছেই ছিলেন বেশ কিছু যুবক। কিন্তু তারপরেও তাঁকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। বরং দূরে দাঁড়িয়ে তাঁরা হাসাহাসি করছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় অসুস্থ বোধ করেন পুষ্পেন্দু। কিছুক্ষণ সেখানেই বসার পর কোনও রকমে ব্লাড ব্যাঙ্কের ভিতরে গিয়ে কলকাতা পুলিশের ফেসবুক পেজে অভিযোগ জানান তিনি। এমনকী ওই ট্যাক্সির নম্বরের ছবিও সেখানে আপলোড করেন তিনি।

তারপরেই কলকাতা পুলিশের তরফে জানানো হয়, তাঁরা তৎপরতার সঙ্গেই বিষয়টি দেখছেন। তাঁদের পরামর্শেই লেক থানায় অভিযোগ দায়ের করেন পুষ্পেন্দু। তদন্তকারী অফিসার জানিয়েছেন, তাঁরা ট্যাক্সির নম্বর থেকে মালিকের নাম খুঁজে বের করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব, ট্যাক্সি চালককে গ্রেফতার করবেন তাঁরা।