স্পা, পার্লারের আড়ালে মধুচক্র কলকাতায়, রাতভর তল্লাশিতে গ্রেফতার ৩০
দ্য ওয়াল ব্যুরো: বিউটি পার্লার, স্পা-এর আড়ালে রমরম করে চলছে মধুচক্র। জোর করে এই কাজে নামানো হচ্ছে দরিদ্র পরিবারের তরুণীদের। রবিবার রাতভর অভিযান চালিয়ে কলকাতার চারটি জায়গা থেকে ৩০জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং
শেষ আপডেট: 9 December 2019 09:18
দ্য ওয়াল ব্যুরো: বিউটি পার্লার, স্পা-এর আড়ালে রমরম করে চলছে মধুচক্র। জোর করে এই কাজে নামানো হচ্ছে দরিদ্র পরিবারের তরুণীদের। রবিবার রাতভর অভিযান চালিয়ে কলকাতার চারটি জায়গা থেকে ৩০জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। উদ্ধার করা হয়েছে তরুণীদের।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে যাদবপুর থানা এলাকার প্রিন্স আনোয়ার শাহ রোড, ভবানীপুরের ভগবান মহাবীর সরণি, গড়িয়াহাট থানা এলাকার রাসবিহারী অ্যাভিনিউ ও মধ্য কলকাতার নিউ মার্কেট থানা এলাকার চারটি পার্লার ও স্পাতে অভিযান চালায় তদন্তকারী অফিসাররা।
প্রিন্স আনোয়ার শাহ রোডের স্পা থেকে মালিক-সহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সাত তরুণীকে। ভবানীপুরের ফ্যামিলি স্পা থেকে গ্রেফতার করা হয়েছে ৯জন গ্রাহক সমেত ১২জনকে। আট তরুণীকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে। রাসবিহারী অ্যাভিনিউর স্পা থেকে মালিক, ম্যানেজার ও দুই গ্রাহককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছয় তরুণীকে। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে অভিযান চালিয়ে ম্যানেজার, দুই দালাল ও তিন গ্রাহককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছয় তরুণী।

পুলিশ সূত্রে খবর, এই চারটি স্পা থেকে যে ২৭জন তরুণীকে উদ্ধার করা হয়েছে তাঁরা প্রত্যেকে দরিদ্র পরিবারের। সংসার চালানোর জন্য অল্প বেতনেই এই কাজে যোগ দিয়েছিলেন তাঁরা। তরুণীদের অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কাজের টোপ দেখিয়ে তাঁদের এনে তারপর এই কাজ করতে বাধ্য করা হত।
গত সপ্তাহে আলিপুরের একটি স্পা থেকে পালিয়ে এক তরুণী ফোন করে পুলিশে অভিযোগ করেন। তারপরেই খোঁজখবর নিতে শুরু করে পুলিশ। তদন্ত করতে গিয়ে এই স্পা ও পার্লারগুলির নাম উঠে আসে। রবিবার রাতে একসঙ্গে চার জায়গাতেই হানা দেয় তারা। তাতেই হাতেনাতে ধরা পড়ে যায় সবাই। ধৃতদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।