
শেষ আপডেট: 17 August 2020 16:00
সুলভ শৌচালয়ে স্যানিটারি প্যাড রাখার ব্যবস্থার জন্য ইতিমধ্যেই শহরে 'প্যাডম্যান' নামে পরিচিত শোভন। তার পাশাপাশি নিজের 'ত্রিধারা' প্রকল্পের আওতায় পাবলিক টয়লেটে ট্রান্সজেন্ডারদের জন্যও শৌচালয়ের ব্যবস্থা করেছেন তিনি। এ বার তাঁর নতুন প্রকল্প বেসরকারি বাসে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সিটের ব্যবস্থা করা। ২০৫ এবং ২০৫এ রুটের মোট ৩৬টি বাসে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। আজ থেকে লাঘু হয়েছে এই ব্যবস্থা। ৭৪তম স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ গত শুক্রবার ১৪ অগস্ট নিজের হাতে ৩৬টি বাসে স্টিকার লাগিয়ে এসেছেন শোভন। সেই সঙ্গে বাসের গায়ে লেখা থাকবে লিঙ্গ বৈষম্য ভুলে সাম্য প্রতিষ্ঠার বার্তা।
শোভনের কথায়, "কয়েকবছর আগে মেট্রোয় ফিরছিলাম। আমার সঙ্গে ছিলেন ট্রান্সজেন্ডার বোর্ডের সদস্য রঞ্জিতা সিনহা। দিদি মহিলা সিটে বসায় কয়েকজন মহিলার থেকেই চরম কটূক্তি শুনতে হয়। আমি প্রতিবাদ করতে গেলে কার্যত ঘাড় ধরে চরম অভব্যতার সঙ্গে আমাদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। সেদিনই বুঝেছিলাম গণপরিবহণে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আসন থাকা প্রয়োজন।" শোভন জানিয়েছেন সেদিনের ঘটনার পর মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনি। তবে তাঁদের আচরণে হতাশা ছাড়া কিছুই মেলেনি। এরপর জেদ চেপে যায় তাঁর মনে। ঠিক করে ফেলেন কিছু করতেই হবে।
শোভন বলেছেন, "আমি বাঁশদ্রোনিতেই থাকি। একদিন এমনিই ২০৫ স্ট্যান্ডে গিয়ে বাসের চালকদের আমার ভাবনার কথা বলেছিলাম। আশা করিনি ওরা এত সাহায্য করবেন। আগ্রহ নিয়ে এগিয়ে আসেন ওরা নিজেরাই। তারপর বাস সংগঠন আর স্থানীয় কাউন্সিলরের সঙ্গে একদিনের মিটিংয়ে সবাই আমায় সমর্থন করেন। খুব ভাল লাগছে এই কাজটা করতে পেরে। কারণ আমি মনে করি দেশের শীর্ষ আদালত যাঁদের স্বীকৃতি দিয়েছে তাঁদের অযথা অকারণ অপমান করার অধিকার কারও নেই।"