মঙ্গলবারই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করবেন মমতা, জানালো রাজ্য সরকার
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার আগে কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ভেঙে দেওয়া হয় বিদ্যাসাগর কলেজের সামনে রাখা বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। তারপরেই মুখ্যমন্ত্রী
শেষ আপডেট: 10 June 2019 16:50
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার আগে কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ভেঙে দেওয়া হয় বিদ্যাসাগর কলেজের সামনে রাখা বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শিগগির ওই মূর্তি নতুন করে বসানো হবে। ভোট মেটার পরেই সেই কাজ শুরু করে শিক্ষা দফতর। অবশেষে ১১ জুন, মঙ্গলবার বসানো হবে বিদ্যাসাগরের সেই আবক্ষ মূর্তি।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই এই ঘোষণা করেছিলেন। সোমবার রাজ্য সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকায় বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১টার সময় হেয়ার স্কুলের মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্যের শিক্ষা দফতর ও বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী কমিটি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে।

তারপরে এই অনুষ্ঠান শেষে সেখান থেকে পদযাত্রা করে মমতা যাবেন বিদ্যাসাগর কলেজে। সেখানে দুপুর আড়াইটের সময় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানেই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করা হবে। এই মূর্তির উন্মোচনও করবেন মুখ্যমন্ত্রী।
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর থেকেই গরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। মমতা ও তৃণমূল এই ঘটনার জন্য বিজেপির উপর দোষ চাপিয়েছিল। উল্টোদিকে বিজেপির দাবি ছিল, তৃণমূলই এই কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের নির্বাচনী সভা থেকে ঘোষণা করেছিলেন, কলকাতায় বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি বানিয়ে দেবে কেন্দ্র। এর উত্তরে মমতা বলেন, রাজ্য সরকার কেন্দ্রের কাছে কোনও সাহায্য নেবে না। নিজেরাই এই মূর্তি বানাবেন তাঁরা। অবশেষে এসে গেল সেই দিন। মঙ্গলবারই উন্মোচন হচ্ছে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির।